রাজধানীর খিলগাঁওয়ে নির্মাণাধীন একটি স্কুল ভবনের ছয়তলা থেকে পড়ে মো. শামীম (২২) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার (১৮ জুলাই) সকাল ৮টা ১০ মিনিটের দিকে খিলগাঁও আনসার ক্যাম্পের পাশে সরকারি উচ্চ বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। পরে দুপুরের দিকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহত শামীম ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার জগন্নাথপুর গ্রামের সাদিকুল ইসলামের ছেলে। তিনি ওই নির্মাণাধীন ভবনেই অবস্থান করতেন।
ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজার রাকিবুল জানান, ঘটনার সময় শামীম ভবনের ছয়তলায় ক্রেনের মাধ্যমে ইট ও বালু ওঠানোর কাজে নিয়োজিত ছিলেন। এ সময় অসাবধানতাবশত তিনি নিচে পড়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান।
তিনি বলেন, কীভাবে শামীম ওপর থেকে নিচে পড়ে গেছেন, তা কেউ সরাসরি দেখতে পারেনি। নিচে থাকা শ্রমিকরা বিষয়টি বুঝতে পারেন। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়।
রাকিবুল আরও জানান, ময়নাতদন্ত শেষে কোম্পানির খরচে মরদেহ শামীমের গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। পরিবারের সঙ্গে আলোচনা করে তাদের আর্থিক সহায়তার বিষয়টি বিবেচনা করা হবে।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে খিলগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
বৃহস্পতিবার , ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ৯ই সফর, ১৪৪৮ হিজরি
খিলগাঁওয়ে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
প্রকাশিত হয়েছে- শনিবার, ১৮ জুলাই, ২০২৬