বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

খালেদা জিয়া হেঁটে ঢুকেছিলেন কারাগারে, ফিরলেন হুইলচেয়ারে : রিজভী

প্রকাশিত হয়েছে- শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী অভিযোগ করেছেন, খালেদা জিয়াকে মৃত্যুর মুখে ঠেলে দিতে শেখ হাসিনা সব ধরনের চেষ্টা চালিয়েছেন। খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি নিয়ে গতকাল থেকেই উদ্বেগজনক খবর পাওয়া যাচ্ছে। এত হুমকি-ধমকি আর ষড়যন্ত্রের মধ্যেও তিনি দেশকে ছেড়ে যাননি।শনিবার (২৯ নভেম্বর) চট্টগ্রামের হাটহাজারীর মীরের খিল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আমরা বিএনপি পরিবার আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাগারে নেওয়া হয়েছিল খালেদা জিয়াকে। টেলিভিশনে দেখলাম, তিনি হেঁটে কারাগারে ঢুকলেন, কিন্তু ফিরলেন হুইলচেয়ারে। শেখ হাসিনা তাকে ছাড়েননি। দেশটাকে নিজের পৈতৃক সম্পত্তি মনে করে ক্ষমতার অপব্যবহার করেছেন।
রিজভীর অভিযোগ, খালেদা জিয়াকে ‘পথের কাঁটা’ মনে করে তাকে রাজনৈতিকভাবে সরিয়ে দেওয়ার চেষ্টাও করা হয়েছিল।

তিনি বলেন, ড. মুহাম্মদ ইউনূস গুণী মানুষ। দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এখন তার গুরুত্বপূর্ণ দায়িত্ব। মানুষ চাইলে বাড়ি থেকে বের হয়ে নিরাপদে ঘরে ফিরতে পারবে– এই নিশ্চয়তা দিতে হবে।

অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম–৫ (হাটহাজারী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন, উপদেষ্টা আবুল কাশেম, সদস্য সচিব মোকসেদুল মোমিন মিথুন ও জাতীয় প্রেস ক্লাবের নির্বাহী কমিটির সদস্য জাহেদুল করিম রনিও বক্তব্য দেন।