বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ফুল পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দুটি ফুলের তোড়া পাঠিয়েছেন পাকিস্তান প্রধানমন্ত্রী, উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী। গতকাল (বৃহস্পতিবার) সন্ধ্যা ৬টায় গুলশানে চেয়ারপারসনের অফিসে ঢাকাস্থ পাকিস্তান দূতাবাসের কর্মকর্তা ফুলের তোড়া পৌঁছে দেন। আনুষ্ঠানিকভাবে ফুল গ্রহণ করেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। সংবাদ সংস্থা বাসসের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি রয়েছেন। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন গতকাল জানিয়েছেন, মেডিকেল বোর্ডের দেশি-বিদেশি বিশেষজ্ঞরা সিসিইউতে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।

খালেদা জিয়ার নিউমোনিয়া হয়েছে বলে জানিয়েছেন মেডিকেল বোর্ডের একজন সদস্য। তিনি আরও জানান, তার মাল্টি ডিজিজ জটিলতার কারণে একসঙ্গে সব চিকিৎসা দেওয়া সম্ভব নয়। ঝুঁকি থেকেই যায়। বিভিন্ন পরীক্ষা হয়েছে—ভালো ও খারাপ, দুই ধরনের রিপোর্টই এসেছে। রোববার রাত ৮টার দিকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে। তিনি হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন।