বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

খারাপ সময়ে বন্ধু তামিমকে পাশে পাচ্ছেন সাকিব

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪

ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোতে তামিম এবারের বিশ্বকাপে নিয়মিত এক অতিথি। নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচের আগে হাজির হয়েছিলেন দেশসেরা এই ওপেনার। সেখানেই আলাপ চলাকালে জানালেন সাকিবের সামর্থ্য সম্পর্কে।

দীর্ঘদিনের বন্ধু সাকিবকে পরামর্শ দিতে চাননা তামিম। তবে পুরানো বন্ধুর প্রতি ঠিকই বিশ্বাস আছে তার, ‘আসলে আমার পরামর্শের চেয়েও বেশি (যা জরুরি) যে, সে (সাকিব) নিজের ক্যারিয়ারে এসব অনেক দেখেছে আগে। তার অনেক অভিজ্ঞতা আছে এবং আমি নিশ্চিত সে ভালো করবে।’

তামিমের মন্তব্য, ‘সে অনেক অনেক বড় প্লেয়ার বাংলাদেশের, সে অনেক ভালো কিছু করেছে। ব্যক্তিগত অনেক অর্জন আছে তার। গত এক বছরে সে হয়ত অত বেশি রান করেনি। তবে আমার পূর্ণ বিশ্বাস আছে সে এখান থেকে বেরিয়ে আসার পথ বের করে ব্যাট এবং বল হাতে দলের জন্য অবদান রাখতে পারবে।’

এদিকে গতকাল সংবাদ সম্মেলনে সাকিবকে নিয়ে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ‘সাকিব ভাইয়ের পারফরম্যান্স নিয়ে আমাদের দলের কেউই চিন্তিত না। আমরা এটা নিয়ে কথা বলতেই চাই না। আমরা জানি তিনি বছরের পর বছর কতো ভালো পারফরম্যান্স করেছেন। মানুষের থেকে তিনি নিজে যেটা আশা করছেন সেটা গুরুত্বপূর্ণ। তিনি কঠোর পরিশ্রম করছেন। আমি বলবো না তিনি কামব্যাক করবেন। তিনি ভালো অবস্থানেই আছেন। আশা করবো কালকে আরও ভালো পারফরম্যান্স করতে পারবেন।’

চোখের সমস্যার কারণেই সাকিবের ব্যাটিং এমন অবস্থা, সেই প্রশ্নের উত্তরে শান্ত বলেন, ‘না, চোখের সমস্যা আমার কাছে মনে হয় না। সব ঠিকঠাকই আছে। অনুশীলনে ব্যাটিং কিংবা বোলিং বলেন, সবখানে স্বাচ্ছন্দ্যেই আছেন।’