ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে বাংলাদেশ। শুক্রবার (৩ জুলাই) তেহরানে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফের সঙ্গে বৈঠকে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বাংলাদেশের পক্ষ থেকে এ অবস্থান তুলে ধরেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, স্পিকার হাফিজ উদ্দিন আহমদ আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তার হত্যাকাণ্ডের নিন্দা জানান। একই সঙ্গে জাতীয় শোকের এ সময়ে ইরানের সরকার ও জনগণের প্রতি বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে আন্তরিক সমবেদনা ও সংহতি প্রকাশ করেন।
জাতীয় সংসদের বিবৃতিতে বলা হয়, ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতার রাষ্ট্রীয় শেষকৃত্যে অংশ নিতে বাংলাদেশ প্রতিনিধি দলকে স্বাগত জানান দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ।
বৈঠকে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বাংলাদেশ ও ইরানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সাংস্কৃতিক যোগাযোগ এবং জনগণের পারস্পরিক সম্পর্কের কথা উল্লেখ করেন। পাশাপাশি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক শান্তি সমঝোতা এগিয়ে নিতে গালিবাফের ভূমিকার প্রশংসা করেন।
তিনি আশা প্রকাশ করেন, চলমান শান্তি প্রক্রিয়া সংলাপ ও কূটনীতির মাধ্যমে টেকসই সমাধানের পথ সুগম করবে এবং ইরানসহ পুরো অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে।
বৈঠকে স্পিকার গালিবাফকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণও জানান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
এর আগে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্বে স্পিকার তেহরানে পৌঁছালে ইরানের ইসলামিক কনসালটেটিভ অ্যাসেম্বলির ডেপুটি স্পিকার হামিদ রেজা হাজি বাবাই তাকে স্বাগত জানান।