সোমবার , ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ২১শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

খামেনির শোক র‍্যালি শুরু, তেহরানে লাখো মানুষের ঢল

প্রকাশিত হয়েছে- সোমবার, ৬ জুলাই, ২০২৬

ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির স্মরণে রাজধানী তেহরানে বিশাল শোক র‍্যালি শুরু হয়েছে। সোমবার (৬ জুলাই) স্থানীয় সময় সকাল থেকে গ্র্যান্ড মোসাল্লা ধর্মীয় কমপ্লেক্স থেকে র‍্যালিটি শুরু হয়, যেখানে গত দুই দিন ধরে সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য তার মরদেহ রাখা হয়েছিল।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভির তথ্য অনুযায়ী, এই শোক র‍্যালিতে অংশ নিতে রাজধানীতে লাখ লাখ মানুষ সমবেত হয়েছেন। আয়োজকদের দাবি, এটি আধুনিক ইতিহাসের অন্যতম বৃহৎ জনসমাগমে পরিণত হয়েছে। প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ এই শোকযাত্রা দামাভান্দ স্ট্রিট, ইমাম হুসেন স্কয়ার, ইনকিলাব স্ট্রিট, আজাদি স্ট্রিট, আজাদি স্কয়ার হয়ে মেহরাবাদ বিমানবন্দরের পাশ দিয়ে অতিক্রম করবে এবং পুরো কর্মসূচি ১০ থেকে ১২ ঘণ্টা স্থায়ী হতে পারে।

এর আগে রোববার আয়াতুল্লাহ জাফর সোবহানী খামেনি, তার পরিবারের সদস্য এবং স্বজনদের জানাজার নামাজে ইমামতি করেন। রাশিয়া, চীন, ভারত, পাকিস্তান, ইরাক, তাজিকিস্তান ও তুরস্কসহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী ও প্রতিনিধিদল তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।

আগামী মঙ্গলবার পবিত্র কোম শহরে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মরদেহ ইরাকের নজফ ও কারবালার পবিত্র স্থানে নেওয়া হবে। খামেনির ইচ্ছা অনুযায়ী আগামী ৯ জুলাই ইরানের মাশহাদে ইমাম রেজার পবিত্র মাজার প্রাঙ্গণে তাকে দাফন করা হবে।