ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শেষ বিদায়ে বিশ্বের শতাধিক দেশের প্রতিনিধি অংশ নিচ্ছেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি জানিয়েছে, শুক্রবার (৩ জুলাই) রাজধানী তেহরানে তার রাষ্ট্রীয় বিদায় অনুষ্ঠান শুরু হয়েছে।
খামেনির মরদেহ রাজধানীর ইমাম খোমেনি মসজিদ কমপ্লেক্সে (গ্র্যান্ড মোসাল্লা) রাখা হয়েছে। প্রথম দিনে শুধুমাত্র বিদেশি প্রতিনিধি ও রাষ্ট্রীয় অতিথিদের শ্রদ্ধা জানানোর সুযোগ দেওয়া হচ্ছে। শনিবার থেকে সাধারণ মানুষের জন্য তার কফিন উন্মুক্ত করে দেওয়া হবে।
খামেনির শেষ বিদায়ে অংশ নেওয়া উল্লেখযোগ্য প্রতিনিধিদের মধ্যে রয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, তাজিকিস্তানের প্রেসিডেন্ট ইমোমালি রাহমোন, আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাসিনইয়ান, জর্জিয়ার প্রেসিডেন্ট মিখাইল কাভেলাশভিলি এবং তুরস্কের ভাইস-প্রেসিডেন্ট কেভদেত ইলমাজ।
ভারতের প্রতিনিধি দলে রয়েছেন উপ-পররাষ্ট্রমন্ত্রী পবিত্র মার্গেরিতা, বিহারের গভর্নর সৈয়দ আতা হাসনাইন, সাবেক পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ এবং রাজনীতিক মেহবুবা মুফতি।
এছাড়া চীনের পক্ষ থেকে ন্যাশনাল পিপলস কংগ্রেসের ভাইস চেয়ারম্যান হি ওই, রাশিয়ার পক্ষ থেকে সাবেক প্রেসিডেন্ট ও নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ এবং আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি অনুষ্ঠানে যোগ দিচ্ছেন।
বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। পাশাপাশি বিরোধী দলের প্রতিনিধিরাও খামেনির প্রতি শ্রদ্ধা জানাতে তেহরানে অবস্থান করছেন।