বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

 

ইরান সরকারের আমন্ত্রণে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে অংশ নিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল ইরান সফরে যাচ্ছে। আগামী ৩ জুলাই ঢাকা থেকে রওনা হয়ে ৯ জুলাই পর্যন্ত দেশটিতে অবস্থান করবে প্রতিনিধিদলটি।

মঙ্গলবার (৩০ জুন) বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমানের নেতৃত্বে সফরকারী প্রতিনিধিদলে আরও রয়েছেন কেন্দ্রীয় নেতা মো. নুরুল আমীন, ড. মো. কেরামত আলী এবং ডা. এসএম খালিদুজ্জামান।

জামায়াত জানায়, ইরানের সরকার ও জনগণের প্রতি গভীর শোক, সমবেদনা ও সংহতি প্রকাশের অংশ হিসেবে প্রতিনিধিদলটি আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশ নেবে। পাশাপাশি সফরকালে ইরান সরকারের নির্ধারিত কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি দেশটির শীর্ষ রাজনৈতিক নেতৃত্ব এবং সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবে।

দলটির ভাষ্য, এ সফর বাংলাদেশ ও ইরানের জনগণের মধ্যে বিদ্যমান দীর্ঘদিনের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক বোঝাপড়া এবং দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদারে ইতিবাচক ভূমিকা রাখবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গুরুত্বপূর্ণ এই রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানোর পাশাপাশি সফর সফল করতে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ায় ইরান সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে ইরানের বিভিন্ন জাতীয় ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধিদের অংশগ্রহণের নজির রয়েছে। দলটি এর আগে ইসলামিক বিপ্লবের বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানেও অংশ নিয়েছিল এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন ইস্যুতে ইরানের প্রতি সংহতি প্রকাশ করে একাধিকবার বক্তব্য দিয়েছে।