বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

খাগড়াছড়িতে বজ্রপাতে একজনের মৃত্যু

প্রকাশিত হয়েছে- সোমবার, ৩০ মার্চ, ২০২৬

খাগড়াছড়ির গুইমারা উপজেলায় বজ্রপাতে গহন কুমার ত্রিপুরা (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

রোববার (২৯ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির সময় এ ঘটনা ঘটে।

জানা গেছে, উপজেলার সাইংগুলি পাড়ার বাসিন্দা গহন কুমার ত্রিপুরা ঝড়ের সময় নিজ বাড়ির রান্নাঘরে অবস্থান করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। ঘটনার পরপরই স্থানীয়রা তাকে উদ্ধার করার চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যদের মাঝে চলছে শোকের মাতম।

বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন গুইমারা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী।

হাফছড়ি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অংগ্যজাই মারমা জানান, নিহতের লাশ সৎকারে সহায়তার জন্য উপজেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

ঝড়বৃষ্টির পর থেকে গুইমারা ও রামগড়সহ আশপাশের কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।