বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতি রক্ষায় সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান ডেপুটি স্পিকারের

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৩ মে, ২০২৬

বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা, সংস্কৃতি ও জীবনধারাকে জাতীয় ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ হিসেবে উল্লেখ করেছেন কায়সার কামাল। তিনি বলেছেন, এই বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও বিকাশে সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে।

বুধবার নেত্রকোণার দুর্গাপুর উপজেলার বিরিশিরি ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমি পরিদর্শন ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডেপুটি স্পিকার বলেন, বিরিশিরি কালচারাল একাডেমি শুধু সাংস্কৃতিক চর্চার কেন্দ্র নয়, এটি দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতীক। তিনি নেত্রকোণার দুর্গাপুর অঞ্চলকে প্রাকৃতিক সৌন্দর্য ও পর্যটনের সম্ভাবনাময় এলাকা হিসেবেও উল্লেখ করেন।

তিনি আরও বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর সমৃদ্ধ সংস্কৃতিকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখতে হবে। পাশাপাশি নতুন প্রজন্মকে নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণে আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিবুর রশিদ এবং মাছুম মোস্তফা

এসময় রেলপথ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বাংলাদেশ রেলওয়ে–এর মহাপরিচালক, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, দেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা বাড়ানো হলে তা জাতীয় সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করবে।