বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ক্ষমতায় এলে নারী উন্নয়ন ও ক্ষমতায়নে বিশেষ পদক্ষেপ গ্রহণ করবে বিএনপি। তিনি বলেন, নারীদের জীবনমান উন্নয়নে যে পরিকল্পনা করা হয়েছে, তা বাস্তবায়নের জন্য বাজেটের উৎসকেও বিবেচনা করা হয়েছে।
রোববার (১৮ জানুয়ারি) রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে ঢাকা ফোরাম আয়োজিত ‘জাতি গঠনে নারী: নীতি, সম্ভাবনা ও বাংলাদেশের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
আমীর খসরু বলেন, শুধু রাজনীতিতে নয়, দেশের অর্থনীতিতেও নারীদের অংশগ্রহণ বাড়াতে হবে। নারীদের দক্ষতা বৃদ্ধি ও প্রত্যন্ত এলাকায় আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে কর্মসংস্থানে তাদের ভূমিকা নিশ্চিত করা সম্ভব। তিনি উল্লেখ করেন, নারীদের কাজকে মার্কেটিং, ব্র্যান্ডিং ও ডিজাইন সাপোর্ট দিলে তাদের জীবনযাপনের মান উল্লেখযোগ্যভাবে উন্নত হবে।
তিনি আরও বলেন, খেলাধুলায় নারীদের অংশগ্রহণ বাড়ানোও গুরুত্বপূর্ণ। গ্রামের নারীদের খেলোয়াড় বানাতে বিশেষ পরিকল্পনা করেছে বিএনপি। নারীদের সম্ভাবনাকে কাজে লাগানো, সব ক্ষেত্রে তাদের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য বিনিয়োগ করা হবে।
বিএনপি যে প্রতিশ্রুতি দিচ্ছে, তা নিয়ে দীর্ঘদিন গবেষণা করা হয়েছে এবং ক্ষমতায় এলে তা বাস্তবায়ন করা হবে বলে আশ্বস্ত করেন আমীর খসরু।
সভায় আরও উপস্থিত ছিলেন ব্যারিস্টার জাইমা রহমান, সিপিডি পরিচালক ড. ফাহমিদা খাতুন, সমাজকর্মী ও উদ্যোক্তা তামারা আবেদ, বার্জার পেইন্টসের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরীসহ অন্যান্য আলোচকরা।