বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ক্ষমতায় এলে সামরিক পরমাণু কর্মসূচি বন্ধ করবেন ইরানের ক্রাউন প্রিন্স রেজা পাহলভি

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬

ওয়াশিংটন: ইরানের শেষ রাজা মোহম্মদ রেজা শাহ পাহলভির জ্যেষ্ঠ সন্তান এবং ক্রাউন প্রিন্স রেজা পাহলভি ঘোষণা দিয়েছেন, ক্ষমতায় আসলে তিনি দেশের সামরিক খাতে পরমাণু কর্মসূচি বন্ধ করবেন। এছাড়া তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার প্রতিশ্রুতি দিয়েছেন এবং ইরানকে একটি সমৃদ্ধ ও শান্তিপ্রিয় দেশ হিসেবে পুনর্গঠনের পরিকল্পনা প্রকাশ করেছেন।

রেজা পাহলভি বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (X) পোস্ট করা এক ভিডিওবার্তায় বলেন, “বিশ্বজুড়ে আমাদের বন্ধুরা, ক্ষমতাসীন ইসলামি প্রজাতন্ত্রী সরকারের দাসত্বে থাকতে থাকতে হয়তো ভাবছেন ইরান মানেই সন্ত্রাসবাদ, মৌলবাদ ও দারিদ্র; কিন্তু প্রকৃত ইরান হলো সুন্দর, শান্তিপ্রিয় ও সমৃদ্ধ। আমাদের দেশ ইসলামি প্রজাতন্ত্র ক্ষমতাসীন হওয়ার আগে এমন ছিল।”

তিনি আরও বলেন, “ইসলামি প্রজাতন্ত্রের পতন ঘটলেই পুরোনো প্রকৃত ইরান ফের জেগে উঠবে। সেই নতুন ইরানে সামরিক খাতে পরমাণু প্রকল্প বন্ধ করা হবে। সন্ত্রাসী গোষ্ঠীর সহায়তা ও সমর্থন অবিলম্বে বন্ধ হবে। আমরা মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ও নিরাপত্তার জন্য আঞ্চলিক ও বৈশ্বিক অংশীদারদের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করব।”

ক্রাউন প্রিন্স আরও জানান, ইরান যুক্তরাষ্ট্র ও মার্কিন নাগরিকদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করবে, ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হবে, এবং ইরান আব্রাহাম চুক্তি ও সাইরাস চুক্তি বিস্তারের মাধ্যমে আরব বিশ্বের সঙ্গে সহযোগিতা বৃদ্ধি করবে।

ইরানের শেষ শাহ মোহম্মদ রেজা শাহ পাহলভি ১৯৭৯ সালে ইসলামি বিপ্লবের আগে দেশত্যাগ করেন এবং ১৯৮০ সালে নির্বাসনে মৃত্যুবরণ করেন। তাদের পরিবারের পক্ষ থেকে রেজা পাহলভিকে ক্রাউন প্রিন্স ঘোষণা করা হয়।

রেজা পাহলভি বর্তমানে ওয়াশিংটনে নির্বাসিত জীবনযাপন করছেন। সাম্প্রতিক দু’সপ্তাহ ধরে ইরানের বিভিন্ন শহরে সরকারবিরোধী আন্দোলন শুরু হয়েছে, এবং এই আন্দোলনের মধ্যেই তিনি জনগণকে বিভিন্ন ভিডিওবার্তায় নির্দেশনা দিয়েছেন, যার ফলে তাকে সমর্থন জানানো হচ্ছে।