বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ক্যাম্পবেলের ঝড়ো ব্যাটিংয়ে এগিয়ে জিম্বাবুয়ে ‘এ’, প্রথম দিনেই চাপে বাংলাদেশ ইমার্জিং দল

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৪ জুন, ২০২৬

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ইমার্জিং দলের বিপক্ষে দ্বিতীয় চার দিনের ম্যাচের প্রথম দিন নিজেদের দখলে রেখেছে জিম্বাবুয়ে ‘এ’ দল। বৃষ্টিবিঘ্নিত দিনে শুরুতে কয়েকটি উইকেট হারালেও শেষ পর্যন্ত ব্যাটারদের দৃঢ়তায় শক্ত অবস্থানে থেকেই দিন শেষ করেছে সফরকারীরা।

বুধবার দিনের খেলা শেষে জিম্বাবুয়ে ‘এ’ দলের সংগ্রহ ৩ উইকেটে ১৬৭ রান। অপরাজিত রয়েছেন ম্যাথিউ ক্যাম্পবেল ৯১ রানে এবং আনতুম নাকভি ২ রানে।

বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের পরে টস অনুষ্ঠিত হয়। টসে জিতে বাংলাদেশ ইমার্জিং দল প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। শুরুতেই সফলতা পায় স্বাগতিকরা। দলীয় ৪০ রানে ২১ রান করা তারিসাই মুসাকান্দাকে ফিরিয়ে দেন মোহাম্মদ এনামুল হক।

এরপর তানুন্রুওয়া মাকোনি ৯৫ বলে ৩৩ রান করে ইনিংস মেরামতের চেষ্টা করেন। তাকে আউট করে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় বাংলাদেশ। তবে এরপরই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেন ম্যাথিউ ক্যাম্পবেল।

দুর্দান্ত আক্রমণাত্মক ব্যাটিংয়ে বাংলাদেশি বোলারদের ওপর আধিপত্য বিস্তার করেন তিনি। মাত্র ৭৭ বলে ১৫টি চার ও ১টি ছক্কায় অপরাজিত ৯১ রান করে দিনের সেরা ইনিংস খেলেন ক্যাম্পবেল। তার স্ট্রাইক রেট ছিল ১১৮-এর বেশি।

ডিওন মায়ার্স ১৭ রান করে কিছুটা প্রতিরোধ গড়লেও তাকে ফিরিয়ে দেন নাঈম আহমেদ। তবে দিনের শেষভাগে ক্যাম্পবেল ও নাকভির জুটি আর কোনো উইকেট হারাতে দেয়নি।

বাংলাদেশের হয়ে একটি করে উইকেট শিকার করেছেন মোহাম্মদ এনামুল হক, মোহাম্মদ আশরাফুল হাসান ও নাঈম আহমেদ।