বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

কোরবানির প্রস্তুতিতে ইমাম ও মাংস প্রস্তুতকারীদের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

আসন্ন ঈদুল আজহা সামনে রেখে কোরবানির পশু জবাই, মাংস প্রস্তুতকরণ, চামড়া সংরক্ষণ এবং কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে ইমাম ও মাংস প্রস্তুতকারীদের প্রশিক্ষণ দিচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

বৃহস্পতিবার (১৪ মে) রাজধানীর মিরপুরে ওয়ার্ড কমিউনিটি সেন্টারে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান

তিনি বলেন, প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা যে নিয়ম ও পদ্ধতি শিখবেন, তা অনুসরণ করেই কোরবানির কার্যক্রম সম্পন্ন করতে হবে। চামড়া দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তা যথাযথভাবে সংরক্ষণ ও প্রক্রিয়াজাত করা জরুরি।

তিনি আরও জানান, চামড়া সংরক্ষণের জন্য প্রয়োজনীয় লবণ বিনামূল্যে বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি মৌসুমি শ্রমিকদের সঠিকভাবে প্রশিক্ষিত করা হবে যাতে তারা স্বাস্থ্যসম্মতভাবে কাজ করতে পারেন।

ডিএনসিসি প্রশাসক বলেন, কোরবানির পর রক্ত ও বর্জ্য দ্রুত পরিষ্কার করা গেলে দুর্গন্ধ ও পরিবেশ দূষণ কমানো সম্ভব হবে। কোরবানির বর্জ্য নির্ধারিত ব্যাগে ভরে রাখলে সিটি কর্পোরেশনের কর্মীরা তা দ্রুত অপসারণ করবে।

অনুষ্ঠানে ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী জানান, এবার সারাদেশে কোরবানির পশুর চাহিদা প্রায় ১ কোটি ১ লাখ ৬ হাজার। কোরবানির সময় মাংস ও চামড়ার গুণগত মান ঠিক রাখতে এই প্রশিক্ষণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এছাড়া তিনি ঈদের আগে জুমার খুতবায় কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে সচেতনতা বাড়াতে ইমামদের প্রতি আহ্বান জানান।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ইমাম ও প্রশিক্ষণার্থী মুফতি হাবিবুল্লাহ বলেন, পশু জবাইয়ের সময় হালাল ও সঠিক নিয়ম অনুসরণ করা জরুরি এবং রক্ত সম্পূর্ণ বের হওয়ার পর পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে।