বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

কৃষি ও বাণিজ্য সহযোগিতা জোরদারে বাংলাদেশ–যুক্তরাষ্ট্রের আলোচনা

প্রকাশিত হয়েছে- সোমবার, ২ মার্চ, ২০২৬

কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

সোমবার (২ মার্চ) সচিবালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে কৃষি, প্রাণিসম্পদ খাত এবং পারস্পরিক আমদানি-রপ্তানি বাণিজ্য নিয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে কৃষিমন্ত্রী রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু ও উন্নয়ন অংশীদার। তিনি উল্লেখ করেন, বাংলাদেশের কৃষিনির্ভর অর্থনীতিকে আরও শক্তিশালী করতে যুক্তরাষ্ট্রের কৃষি প্রযুক্তি ও কারিগরি সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ধরনের সহযোগিতাকে বাংলাদেশ ইতিবাচকভাবে গ্রহণ করে বলে জানান তিনি।

মার্কিন রাষ্ট্রদূত নবনিযুক্ত মন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে বলেন, কৃষিখাতে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য আরও সম্প্রসারণে যুক্তরাষ্ট্র আগ্রহী। জবাবে কৃষিমন্ত্রীও এ বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন এবং পারস্পরিক স্বার্থে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় কৃষি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।