বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

কৃষক কার্ডে যুক্ত হবে নতুন ডিজিটাল সেবা, কৃষকের মর্যাদা ও সুবিধা বাড়বে: কৃষিমন্ত্রী

প্রকাশিত হয়েছে- রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

কৃষি খাতকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করে গড়ে তুলতে চালু হতে যাওয়া ‘কৃষক কার্ড’ ভবিষ্যতে আরও নতুন নতুন সেবার সঙ্গে যুক্ত হবে বলে জানিয়েছেন মোহাম্মদ আমিন উর রশিদ

রোববার (১২ এপ্রিল) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে কৃষক কার্ড বিতরণ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, কৃষি একটি মর্যাদাপূর্ণ পেশা এবং এই কার্ড কৃষকের সামাজিক ও অর্থনৈতিক মর্যাদা আরও বৃদ্ধি করবে। এর মাধ্যমে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে একটি সমন্বিত ডিজিটাল ডাটাবেজ তৈরি হবে, যা সেবা প্রদানকে আরও সহজ ও স্বচ্ছ করবে।

তিনি জানান, কৃষক কার্ড প্রকল্পটি প্রধানমন্ত্রীর অগ্রাধিকার কর্মসূচির অংশ হিসেবে বাস্তবায়ন করা হচ্ছে এবং এটি কৃষকের জন্য নিরাপদ ও নির্ভরযোগ্য ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা নিশ্চিত করবে।

মন্ত্রী আরও বলেন, এই উদ্যোগের মাধ্যমে সারের অপচয় কমবে, উৎপাদন পরিকল্পনা উন্নত হবে এবং কৃষকের আর্থিক ক্ষতি হ্রাস পাবে। ভবিষ্যতে এই কার্ডের মাধ্যমে আরও সময়োপযোগী সেবা যুক্ত করা হবে।

কৃষক কার্ডে যেসব সুবিধা থাকবে

কৃষক কার্ডের মাধ্যমে কৃষকরা একাধিক সুবিধা পাবেন, যার মধ্যে রয়েছে—

  • ন্যায্য মূল্যে কৃষি উপকরণ ও সেচ সুবিধা
  • সহজ শর্তে কৃষি ঋণ
  • সরকারি ভর্তুকি ও প্রণোদনা
  • কৃষি যন্ত্রপাতি স্বল্প মূল্যে ব্যবহার
  • মোবাইলে আবহাওয়া ও বাজার তথ্য
  • কৃষি প্রশিক্ষণ ও পরামর্শ
  • ফসলের রোগ-বালাই প্রতিরোধ নির্দেশনা
  • কৃষি বিমা সুবিধা
  • ন্যায্য দামে কৃষিপণ্য বিক্রয়ের সুযোগ

সরকারের লক্ষ্য, এই ডিজিটাল উদ্যোগের মাধ্যমে দেশের কৃষিকে আরও উৎপাদনশীল, লাভজনক ও টেকসই খাতে রূপান্তর করা।