বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

কৃষকদের মাঝে গাছের চারা ও কার্ড বিতরণ: প্রধানমন্ত্রীর

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান কৃষকদের উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণে একযোগে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, কৃষকদের হাতে শুধু কৃষক কার্ড নয়, গাছের চারা তুলে দিয়ে একটি সবুজ ও টেকসই বাংলাদেশ গড়ার পথ তৈরি করা হচ্ছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে শহীদ মারুফ স্টেডিয়াম-এ আয়োজিত কৃষক কার্ড ও গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে টাঙ্গাইল জেলার ১৫ জন কৃষক-কৃষাণীর মাঝে কৃষক কার্ড ও বিভিন্ন ফলজ গাছের চারা বিতরণ করা হয়।

প্রধানমন্ত্রী বলেন, “আমরা কৃষকদের হাতে একটি করে গাছের চারা তুলে দিচ্ছি। কয়েকজনকে আম ও জাম গাছ দেওয়া হয়েছে। আমি তাদের বলেছি, নিজেদের বাড়ির সামনে গাছগুলো রোপণ করতে এবং যখন ফল ধরবে তখন যেন আমাকে পাঠায়।” তার এই বক্তব্যে উপস্থিতদের মাঝে হাস্যরসের সৃষ্টি হলেও এর মধ্য দিয়ে পরিবেশ সচেতনতার একটি গুরুত্বপূর্ণ বার্তা উঠে আসে।

তিনি আরও বলেন, দেশের প্রায় ৪০ শতাংশ মানুষ সরাসরি কৃষির সঙ্গে জড়িত এবং প্রায় ৪ কোটি পরিবার কোনো না কোনোভাবে কৃষির ওপর নির্ভরশীল। তাই কৃষকদের উন্নয়ন ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়।

অনুষ্ঠানে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদ। স্বাগত বক্তব্য দেন কৃষি সচিব রফিকুল-ই মোহামেদ।

এর আগে কৃষক কার্ড প্রদান কর্মসূচির উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী কৃষির গুরুত্ব তুলে ধরে বলেন, “এদেশের কৃষক ভালো থাকলে দেশ ভালো থাকবে। কৃষকদের সচ্ছলতা নিশ্চিত করা আমাদের অন্যতম প্রধান লক্ষ্য।”

এই উদ্যোগের মাধ্যমে একদিকে যেমন কৃষকদের আর্থিক ও সামাজিক সুরক্ষা জোরদার করা হবে, অন্যদিকে ফলজ গাছ রোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পথ সুগম হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।