কুড়িগ্রাম জেলার ফুলবাড়ীতে আজ এক সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্র নিহত হয়েছেন।
জানাগেছে,জেলার ফুলবাড়ীতে একটি ইট বোঝাই ট্রলি বাইসাইকেলকে ধাক্কা দিলে পিতা একরামুল হক ও তার পুত্র মাসুদ রানা (৯) নিহত হন। শিশুটি ঘটনাস্থলেই মারা যায়। ওই শিশুর বাবা একরামুল হককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তাদের বাড়ি উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামে।
এলাকাবাসী জানায়, রোববার সকাল সাড়ে ১০টার দিকে ছেলে মাসুদ রানাকে বাইসাইকেলের পেছনে নিয়ে ঈদের মার্কেট করার জন্য ফুলবাড়ীর উদ্দেশ্যে রওনা দেন পিতা একরামুল। এসময় উপজেলার চাঁদেরহাট নামক স্থানে পৌঁছলে বাইসাইকেলের পেছনে ইটবোঝাই একটি ট্রলি ধাক্কা দিলে ঘটনাস্থলেই মাসুদ রানা মারা যান এবং তার বাবা গুরুতর আহত হন। আহত একরামুলকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে সেখানে তার মৃত্যু হয়।
পুলিশ ঘাতক ট্রলির ড্রাইভারসহ দু’জনকে আটক করেছে। এছাড়া ট্রলিও জব্দ করা হয়। আটক ট্রলি ড্রাইভার মিলন বাবু ও মোকছেদুল হক নাগেশ্বরী উপজেলার বাসিন্দা।
কাশিপুর ইউনিয়নের চেয়ারম্যান মো: মনিরুজ্জামান পিতা-পুত্রের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলুর রহমান জানিয়েছেন, এ ব্যাপারে আইনগত ব্যস্থা নেয়া হবে।
বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্রম, ১৪৪৮ হিজরি