বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

কুষ্টিয়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হেল্পার নিহত

প্রকাশিত হয়েছে- শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬

কুষ্টিয়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হেল্পার নিহত
কুষ্টিয়ার মিরপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হুসাইন (১৯) নামে এক ট্রাকের হেল্পার নিহত হয়েছেন। শনিবার (৩ জানুয়ারি) ভোররাত ৫টায় উপজেলার তালবাড়ীয়া ইউনিয়নের কদমতলা এলাকায় কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হুসাইন ঝিনাইদহ জেলার সদর থানার কালীচরণপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ট্রাকচালক ওবায়দুর রহমান (২৯)। তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজ ভোররাত ৫টার দিকে বালু আনতে কুষ্টিয়ার ভেড়ামারার দিকে যাওয়ার সময় মিরপুর উপজেলার তালবাড়ীয়া কদমতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই আরেকটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের সহকারী হুসাইনের মৃত্যু হয়। গুরুতর আহত হন ট্রাকচালক ওবায়দুর রহমান। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

কুষ্টিয়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহতের মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।