বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

কুষ্টিয়ায় গড়াই নদীতে গোসলে নেমে প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থী দুই বন্ধুর

প্রকাশিত হয়েছে- বুধবার, ২০ মে, ২০২৬

কুষ্টিয়ার গড়াই নদীতে গোসলে নেমে দুই এসএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২০ মে) দুপুরে শহরসংলগ্ন হরিপুর সংযোগ সেতুর নিচে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন অপূর্ব ইফতি তাইফ (১৮) ও সাকিবুল ইসলাম (১৯)। অপূর্ব হাটশ হরিপুর এলাকার মাহাবুল ইসলামের ছেলে এবং দি কুষ্টিয়া ওল্ড হাইস্কুল থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। অন্যদিকে সাকিবুল শহরের থানাপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে এবং কুষ্টিয়া জিলা স্কুলের শিক্ষার্থী ছিল।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, পরীক্ষা শেষে দুই বন্ধু গড়াই নদীতে গোসল করতে নামে। তারা যে স্থানে পানিতে নেমেছিল সেখানে পানির গভীরতা বেশি ছিল। দীর্ঘ সময় তাদের পানির ওপর ভেসে উঠতে না দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন এবং ফায়ার সার্ভিসকে খবর দেন।

ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয় লোকজন দুইজনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ফায়ার সার্ভিস জানিয়েছে, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক এবং স্থানীয়দের তাৎক্ষণিক উদ্যোগেই তাদের উদ্ধার করা হয়েছিল।