মুসলিমদের পবিত্র ধর্মীয় প্রথা আশুরা পালনকে কেন্দ্র করে নতুন কিছু বিধিনিষেধ জারি করেছে কুয়েত সরকার। শুক্রবার (১২ জুন) দেশটির সরকারি প্রতিনিধি ও শিয়া সম্প্রদায়ের প্রতিনিধিদের মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে এসব সিদ্ধান্ত গৃহীত হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, আশুরা উপলক্ষে শিয়া অধ্যুষিত এলাকার বাইরে কোনো ধরনের ধর্মীয় পতাকা, ব্যানার বা প্রতীক প্রদর্শন করা যাবে না। এছাড়া জনসমাগমে বড় আকারের আয়োজন ও রাস্তায় ধর্মীয় কার্যক্রম নিয়ন্ত্রণের ওপরও জোর দেওয়া হয়েছে।
বৈঠকে আরও বলা হয়, আশুরা উপলক্ষে আয়োজিত গণভোজ বা ‘নিয়াজ’ কেবল নির্ধারিত শিয়া কমিউনিটি স্কুল ও কমিউনিটি সেন্টারে করা যাবে। এ ধরনের আয়োজনের জন্য অর্থ সংগ্রহ ও চাঁদা গ্রহণ করতে হবে কেবলমাত্র কুয়েতের সোশ্যাল অ্যাফেয়ার্স মন্ত্রণালয়ের অনুমোদিত চ্যানেলের মাধ্যমে।
নিরাপত্তা নিশ্চিত করতে শিয়া অধ্যুষিত এলাকাগুলোতে সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি থাকবে বলেও জানানো হয়েছে। তবে শিয়া প্রতিনিধিরা এ সিদ্ধান্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
বৈঠকে সভাপতিত্ব করেন কুয়েতের নিরাপত্তা বিভাগের প্রধান জেনারেল Hamad Ahmed Al-Munaifi। এতে বিভিন্ন মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মহররমের ১০ তারিখ বা আশুরা মুসলিম বিশ্বে শোকের দিন হিসেবে পালিত হয়। প্রায় ১৪০০ বছর আগে কারবালার যুদ্ধে হযরত মুহাম্মদ (স.)-এর দৌহিত্র ইমাম হোসাইন (রা.) শহীদ হন, যা স্মরণে বিশ্বজুড়ে বিশেষভাবে শিয়া মুসলিমরা দিনটি পালন করে থাকেন।