কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে নবনির্বাচিত সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মো. আবুল কালাম তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর প্রার্থী সৈয়দ এ.কে.এম. সরওয়ার সিদ্দিকীর অফিসে ফুল ও মিষ্টি নিয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ইফতারের পর লাকসাম বাইপাস এলাকায় লাকসাম ডায়াগনস্টিক সেন্টারে অবস্থিত ড. সরওয়ার সিদ্দিকীর কার্যালয়ে যান সংসদ সদস্য আবুল কালাম। এ সময় দুই নেতার মধ্যে ফুলেল শুভেচ্ছা বিনিময় হয় এবং তারা কুশল বিনিময় করেন।
স্থানীয়রা বলছেন, বিজয়ী ও পরাজিত প্রার্থীর এমন সৌহার্দ্যপূর্ণ আচরণ বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি ইতিবাচক বার্তা বহন করছে। নির্বাচন-পরবর্তী সময়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কার্যালয়ে গিয়ে শুভেচ্ছা জানানোকে অনেকে রাজনৈতিক সংস্কৃতিতে নতুন দৃষ্টান্ত হিসেবে দেখছেন।
এ বিষয়ে নবনির্বাচিত সংসদ সদস্য আবুল কালাম বলেন, “রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে, কিন্তু প্রতিহিংসা নয়। লাকসাম-মনোহরগঞ্জের মানুষ আমাকে সংসদ সদস্য নির্বাচিত করেছেন এলাকায় শান্তি ও উন্নয়ন নিশ্চিত করার জন্য। এ জনপদকে দেশের অন্যতম শান্তিপূর্ণ এলাকা হিসেবে গড়ে তুলতে চাই। সেই লক্ষ্যেই আমি আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর অফিসে গিয়েছি।”
অপরদিকে জামায়াতে ইসলামীর প্রার্থী সৈয়দ এ কে এম সরওয়ার সিদ্দিকী বলেন, “নবনির্বাচিত সংসদ সদস্য একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন। আমি তাকে ধন্যবাদ জানাই। ইতিবাচক রাজনীতিতে এটি একটি মাইলফলক হয়ে থাকবে।”
রাজনৈতিক ভিন্নমত থাকা সত্ত্বেও পারস্পরিক সম্মান ও সৌহার্দ্যের এ ঘটনা কুমিল্লা-৯ আসনে আলোচনার জন্ম দিয়েছে। স্থানীয়রা আশা করছেন, এই মনোভাব আগামী দিনে এলাকার উন্নয়ন ও স্থিতিশীলতায় ইতিবাচক প্রভাব ফেলবে।