কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের ধণঞ্জয় গ্রামে চার ভাই মিলে গড়ে তুলেছেন বিশাল সুপারি বাগান। প্রায় ৭০ বছর আগে তাদের বাবা মৃত বাব উল্যাহ মাত্র ৩ একর জমিতে সুপারি চাষ শুরু করেছিলেন। বর্তমানে সেই বাগান সম্প্রসারিত হয়ে ২০ একর জমিতে প্রায় ৫০ হাজার সুপারি গাছে পরিণত হয়েছে।
পরিবারের সদস্যদের উদ্যোগে গড়ে ওঠা এই বাগানটি বর্তমানে রংপুর বিভাগের সবচেয়ে বড় সুপারি বাগান হিসেবে পরিচিত। প্রতি মৌসুমে তারা সুপারি বিক্রি করে ৮০ থেকে ৯০ লাখ টাকা আয় করছেন। এছাড়া সাথী ফসল হিসেবে চুইঝাল, লটকন ও পানপাতা চাষ করে আরও ৮ থেকে ১০ লাখ টাকা আয় হচ্ছে।
বাগানটিতে ৮ থেকে ১০টি পরিবারের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। শ্রমিকরা জানান, সারা বছর কাজের সুযোগ পাওয়ায় তাদের জীবিকা নির্বাহ সহজ হয়েছে। একই সঙ্গে সুপারির চারা বিক্রির মাধ্যমেও অতিরিক্ত আয় করছেন মালিকরা।
স্থানীয় কৃষকরাও এই সফলতা দেখে সুপারি চাষে আগ্রহী হচ্ছেন। কৃষি বিভাগ জানিয়েছে, কম খরচে বেশি লাভ হওয়ায় কুড়িগ্রামে সুপারি চাষের বিস্তার ঘটছে। পাশাপাশি সুপারি বাগানে চুইঝাল, লটকনসহ অন্যান্য লাভজনক ফসল চাষেরও পরামর্শ দেওয়া হচ্ছে।