বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

কিউবার প্রেসিডেন্ট ও পরিবারের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৫ জুন, ২০২৬

কিউবার প্রেসিডেন্ট মিগেল দিয়াজ-কানেল, তার স্ত্রী ও সন্তানসহ শীর্ষ পর্যায়ের কয়েকজন ব্যক্তির ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (৫ জুন) মার্কিন অর্থ মন্ত্রণালয় এই নিষেধাজ্ঞার ঘোষণা দেয়। এটি কমিউনিস্ট-শাসিত কিউবার বিরুদ্ধে ওয়াশিংটনের সর্বশেষ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

নতুন নিষেধাজ্ঞার আওতায় প্রেসিডেন্টের পরিবারের সদস্যদের পাশাপাশি সাবেক প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর ছেলে ও এক নাতিকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া কিউবার বিপ্লবী সশস্ত্র বাহিনী মন্ত্রণালয়, সেনাবাহিনী এবং বিপ্লব প্রতিরক্ষা কমিটি (সিডিআর)-এর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে দাবি করে আসছে যে কিউবার কমিউনিস্ট শাসনব্যবস্থা মার্কিন নিরাপত্তার জন্য হুমকি। এ প্রেক্ষাপটে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিউবার বিরুদ্ধে আরও কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়েছেন।

অন্যদিকে কিউবার পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রদ্রিগেজ এই নিষেধাজ্ঞাকে ‘জঘন্য’ ও ‘মার্কিন হস্তক্ষেপবাদের নতুন উদাহরণ’ বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, কিউবার স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে যেকোনো চাপ দেশটির জনগণ ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে।

উল্লেখ্য, ১৯৬২ সাল থেকে কিউবার ওপর মার্কিন বাণিজ্য নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে সেই চাপ আরও বৃদ্ধি পাওয়ায় দেশটিতে জ্বালানি সংকট, দীর্ঘ সময়ের বিদ্যুৎ বিভ্রাট, খাদ্য ও ওষুধের ঘাটতি দেখা দিয়েছে। বর্তমানে কিউবা অনেকাংশে মেক্সিকো ও চীনের সহায়তার ওপর নির্ভরশীল।