বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

কালিগঞ্জে ইউপি চেয়ারম্যানের বাড়িতে ১২০০ লিটার ডিজেল জব্দ, জরিমানা ১০ হাজার টাকা

প্রকাশিত হয়েছে- রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

সাতক্ষীরার কালিগঞ্জে এক ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে বিপুল পরিমাণ ডিজেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। অবৈধভাবে জ্বালানি তেল মজুত রাখার অভিযোগে তাকে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার মৌতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদৌস মোড়লের বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। দেশের চলমান জ্বালানি সংকটের মধ্যে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয় বলে জানিয়েছে প্রশাসন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ অপু’র নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের সমন্বয়ে যৌথ বাহিনী অংশ নেয়। এ সময় সাতক্ষীরা আর্মি ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার তোফাজ্জল হোসেনসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযানে চেয়ারম্যানের বাড়ি থেকে প্রায় ১২০০ লিটার ডিজেল জব্দ করা হয়। পরে পেট্রোলিয়াম আইন ২০১৬ অনুযায়ী অবৈধভাবে জ্বালানি তেল মজুতের দায়ে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত ৬ ব্যারেল ডিজেল থানায় জমা দেওয়া হয়।

অভিযানের সময় চেয়ারম্যান ফেরদৌস মোড়ল দাবি করেন, তার চিংড়ি ঘেরে পানি উত্তোলনের সেচ মেশিন ও একাধিক ভেকু চালানোর জন্য এই তেল মজুত করা হয়েছিল। তবে স্থানীয়দের অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে প্রভাব খাটিয়ে বাড়িতে জ্বালানি তেল মজুত করে অতিরিক্ত দামে বিক্রি করে আসছিলেন।

অভিযান শেষে অভিযুক্ত চেয়ারম্যান ভবিষ্যতে এ ধরনের অবৈধ মজুত না করার অঙ্গীকারনামায় স্বাক্ষর করেন।

এই ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে এবং জ্বালানি তেল ব্যবস্থাপনা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।