মাগুরা জেলা কারাগারে বন্দি স্ত্রীর সঙ্গে দেখা করতে এসে গাঁজাসহ আটক হয়েছেন দবির মোল্যা নামে এক যুবক। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে মাগুরা জেলা কারাগার-এর আরপি গেটের সামনে এ ঘটনা ঘটে। আটক দবির মোল্যা মাগুরা সদর উপজেলার জুঁইতড়া গ্রামের বাসিন্দা।
জানা গেছে, দবিরের স্ত্রী তন্বী সম্প্রতি মাদক সংশ্লিষ্ট অভিযোগে গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। স্ত্রীকে দেখতে কারাগারে গেলে প্রবেশপথে দায়িত্বরত কারারক্ষীরা তাকে তল্লাশি করেন।
মহিউদ্দিন হায়দার জানান, তল্লাশির সময় দবির মোল্যার জিন্স প্যান্টের পকেট থেকে প্রায় ৫০ গ্রাম গাঁজার একটি প্যাকেট উদ্ধার করা হয়। পরে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন।
পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দবির মোল্যাকে দোষী সাব্যস্ত করা হয় এবং তাকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
কারা কর্তৃপক্ষ জানিয়েছে, কারাগারে মাদক প্রবেশ ঠেকাতে নিয়মিত তল্লাশি ও নজরদারি কার্যক্রম অব্যাহত রয়েছে।