রবিবার , ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১২ই সফর, ১৪৪৮ হিজরি

কারাগার টপকে বন্দি নারীর পালানো! দায়িত্বে অবহেলায় ৭ কারাকর্মী বরখাস্ত

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৮ জুলাই, ২০২৬

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে বন্দি নারী রিম্পা (২১) দেয়াল টপকে পালিয়ে যাওয়ার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে দুইজন মেট্রন ও পাঁচজন মহিলা কারারক্ষীসহ মোট সাতজনকে বরখাস্ত করেছে কারা কর্তৃপক্ষ।

শনিবার (১৮ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী কারা মহাপরিদর্শক (এআইজি) মো. জান্নাতুল ফরহাদ। তিনি জানান, তদন্তে দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়ায় রিপোর্টের ভিত্তিতে শুক্রবার সংশ্লিষ্ট সাতজনকে বরখাস্ত করা হয়েছে।

বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন মেট্রন লায়লা আনজুমান সুমি, মেরিনা ও রেহেনা এবং মহিলা কারারক্ষী শায়লা, শারমিন, জেমি ও আসমা।

জানা গেছে, গত বৃহস্পতিবার সন্ধ্যায় প্রায় ৪০ জন নারী বন্দিকে দিয়ে কারাগারের ভেতরে ইট বহনের কাজ করানো হচ্ছিল। এ সময় দায়িত্বে থাকা কর্মকর্তাদের তদারকির ঘাটতির সুযোগ নিয়ে বন্দি রিম্পা কারাগারের অফিস ভবনের পাশের দেয়ালের কার্নিশ বেয়ে সীমানা প্রাচীর টপকে পালিয়ে যান।

পলাতক রিম্পা মেহেরপুরের গাংনী উপজেলার রায়পুর এলাকার বাসিন্দা। তিনি ঢাকার ধানমন্ডি থানার একটি ভ্রাম্যমাণ আদালতের মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত হয়ে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে বন্দি ছিলেন।

ঘটনার পরপরই কারা কর্তৃপক্ষ কারাগাজুড়ে তল্লাশি চালালেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে নিশ্চিত হওয়া যায় যে তিনি কারাগার থেকে পালিয়ে গেছেন। এ ঘটনায় শুক্রবার রাতে কোনাবাড়ী মডেল থানায় কারা কর্তৃপক্ষ মামলা দায়ের করেছে। পলাতক বন্দিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।