বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

কাপাসিয়ায় রক্তাক্ত ভোর, ঘরের ভেতর মিলল একই পরিবারের ৫ জনের মরদেহ

প্রকাশিত হয়েছে- শনিবার, ৯ মে, ২০২৬

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় ভয়াবহ এক হত্যাকাণ্ডের ঘটনায় একই পরিবারের পাঁচ সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে তিন শিশু, এক নারী ও এক যুবক রয়েছেন। ঘটনাটি ঘিরে পুরো এলাকায় আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে।

শনিবার (৯ মে) সকালে স্থানীয় বাসিন্দারা একটি ভাড়া বাসার দরজা খোলা দেখে সন্দেহ করেন। পরে ভেতরে প্রবেশ করে রক্তাক্ত অবস্থায় কয়েকজনের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত পরিবারটির গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলায়। জীবিকার তাগিদে তারা কাপাসিয়ায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে তাদের হত্যা করা হয়েছে। তবে কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার পরপরই আশপাশের এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থল ঘিরে তদন্ত শুরু করেছে এবং হত্যার সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ চলছে।