বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

কলকাতার নৃত্যজগতের শোক, দীপালি চক্রবর্তী আর নেই

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী, বিদীপ্তা চক্রবর্তীবিদিশা চক্রবর্তী-এর পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। তাদের মা, প্রখ্যাত নৃত্যশিল্পী দীপালি চক্রবর্তী, বৃহস্পতিবার সকালে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেছেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যার পাশাপাশি মস্তিষ্কে রক্তক্ষরণ শুরু হওয়ায় তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিন্তু চিকিৎসকদের সর্বশেষ চেষ্টার পরও তিনি আর বাঁচাতে পারেননি।

পরিবার সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে একটি স্মরণসভায় নৃত্য পরিবেশন করার পর থেকেই দীপালি চক্রবর্তী শারীরিকভাবে অসুস্থ বোধ করতে শুরু করেন। পরিস্থিতি বেগতিক দেখে পরিবারের সদস্যরা তৎক্ষণাৎ তাঁকে হাসপাতালে নেন। চিকিৎসকরা জানিয়েছেন, বার্ধক্যজনিত কারণে শরীর এতটাই দুর্বল হয়ে পড়েছিল যে চিকিৎসায় সাড়া দেওয়ার ক্ষমতাও থাকেনি।

চক্রবর্তী পরিবারের দুই স্তম্ভ ছিলেন বিপ্লব কেতন চক্রবর্তী ও দীপালি চক্রবর্তী। ২০১৮ সালে চিরবিদায় নিয়েছিলেন বাবা, অভিনেতা বিপ্লব কেতন চক্রবর্তী। এবার তিন বোন মাকে হারালেন। বাবা যেমন অভিনয় জগতের উজ্জ্বল নক্ষত্র ছিলেন, মা দীপালি চক্রবর্তীও ছিলেন একজন দক্ষ ও সম্মানিত নৃত্যশিল্পী, যিনি কলকাতার সাংস্কৃতিক অঙ্গনে গভীর প্রভাব ফেলেছিলেন।

দীপালি চক্রবর্তীর মৃত্যুর খবরে শোক ও সমবেদনা জানিয়েছে চলচ্চিত্র ও নৃত্য জগতের মানুষসহ তাঁর ভক্তবৃন্দ।