শুক্রবার , ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

কর্ণফুলীতে বিয়ের আনন্দ মুহূর্তে মর্মান্তিক দুর্ঘটনা, সেপটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু

প্রকাশিত হয়েছে- শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বিয়ের অনুষ্ঠানে গিয়ে সেপটিক ট্যাংকে পড়ে হাবিবুল মোস্তফা (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। অরক্ষিত সেপটিক ট্যাংকে পড়ে এ মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল আনুমানিক ৪টার দিকে উপজেলার ক্রসিং এলাকার হক কনভেনশন হলের পাশের একটি নির্মাণাধীন ভবনের নিচতলায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত হাবিবুল মোস্তফা চরলক্ষ্যা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আলাউদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে প্রতিবেশী শামসুল আলমের মেয়ের বিয়ের অনুষ্ঠানে পরিবারের সঙ্গে হক কনভেনশন হলে আসে হাবিবুল। অনুষ্ঠানের একপর্যায়ে আশপাশে খেলাধুলা করার সময় সে কনভেনশন হলের পাশে থাকা একটি নির্মাণাধীন ভবনের নিচতলার অরক্ষিত সেপটিক ট্যাংকে পড়ে যায়।

দীর্ঘ সময় শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে সেপটিক ট্যাংকের ভেতর ভাসমান অবস্থায় হাবিবুলকে দেখতে পান স্বজনরা। পরে তাকে উদ্ধার করা হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কর্ণফুলী থানার এসআই জয়নাল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ না থাকায় স্থানীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও পাঁচজন সাক্ষীর উপস্থিতিতে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

স্থানীয়দের অভিযোগ, ঘটনাস্থলের নির্মাণাধীন ভবনটি হক কনভেনশন হলের মালিকের আত্মীয় কামনুর নাহারের মালিকানাধীন। সেপটিক ট্যাংকটি দীর্ঘদিন ধরে খোলা অবস্থায় ছিল। একাধিকবার সতর্ক করা হলেও সেখানে ঢাকনা বা নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়নি, যার ফলেই এই দুর্ঘটনা ঘটেছে।

কর্ণফুলী থানার অপারেশন অফিসার নুরুল ইসলাম বলেন, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। তারা অবিলম্বে নির্মাণাধীন ভবন ও বাণিজ্যিক স্থাপনার আশপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।