বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

করদাতাদের সুবিধার অপব্যবহার করলে অন-অভিবাসী ভিসা বাতিল হতে পারে: যুক্তরাষ্ট্র দূতাবাস

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৪ মার্চ, ২০২৬

অন-অভিবাসী ভিসাধারীরা যদি যুক্তরাষ্ট্র–এর করদাতাদের অর্থে পরিচালিত সরকারি সুবিধার অপব্যবহার করেন, তাহলে তাদের ভিসা বাতিল করা হতে পারে এবং ভবিষ্যতে ভিসা পাওয়ার অযোগ্য ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস।

শনিবার (১৪ মার্চ) দূতাবাসের এক বার্তায় এ সতর্কতা জানানো হয়। এতে বলা হয়, যুক্তরাষ্ট্রে অবস্থানরত কোনো বিদেশি দর্শনার্থী যদি করদাতাদের অর্থে পরিচালিত বিভিন্ন সুবিধার অপব্যবহার করেন বা সেগুলোর ওপর নির্ভরশীল হয়ে পড়েন, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে।

বার্তায় আরও বলা হয়, অন-অভিবাসী ভিসাধারীরা এসব সুবিধা ব্যবহার বা অপব্যবহার করলে তাদের বর্তমান ভিসা বাতিল করা হতে পারে। পাশাপাশি ভবিষ্যতে তারা যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার ক্ষেত্রেও অযোগ্য বিবেচিত হতে পারেন।

এ কারণে ভ্রমণকারীদের যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে নিজের খরচ বহনের সক্ষমতা নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে। দূতাবাস জানিয়েছে, যুক্তরাষ্ট্রে অবস্থানকালে ব্যক্তিগত ব্যয় নিজ দায়িত্বে বহন করার জন্য প্রস্তুত থাকা প্রত্যেক দর্শনার্থীর জন্য গুরুত্বপূর্ণ।

দূতাবাসের মতে, এ ধরনের নিয়ম মেনে চললে বিদেশি দর্শনার্থীদের জন্য ভ্রমণ অভিজ্ঞতা সহজ ও ঝামেলামুক্ত হবে এবং অভিবাসন নীতির সঠিক বাস্তবায়ন নিশ্চিত করা সম্ভব হবে।