বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

কনসার্টে গান থামাতে বাধ্য হলেন হানি সিং

প্রকাশিত হয়েছে- সোমবার, ১৬ মার্চ, ২০২৬

ভারতের রাজধানী দিল্লির ইন্দিরা গান্ধী ইনডোর স্টেডিয়ামে জনপ্রিয় র‍্যাপার ও গায়ক হানি সিংয়ের কনসার্টে ব্যাপক বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। দর্শক ও আয়োজক কমিটির সদস্যদের মধ্যে হাতাহাতির জেরে অনুষ্ঠান চলাকালীন বেশ কিছুক্ষণ গান থামিয়ে রাখতে বাধ্য হন এই শিল্পী। সামাজিক মাধ্যমে এই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে।

জানা গেছে, শনিবার রাতে ‘মাই ওয়ার্ল্ড ট্যুর’-এর অংশ হিসেবে দিল্লিতে হানি সিংয়ের এই কনসার্টটি আয়োজিত হয়। অনুষ্ঠান শুরুর পর ভিআইপি জোনে প্রবেশ এবং বসার জায়গা নিয়ে একদল দর্শকের সঙ্গে আয়োজকদের বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয় এবং বিশৃঙ্খলা মঞ্চের কাছাকাছি পৌঁছে যায়। উদ্ভূত পরিস্থিতিতে সাধারণ দর্শকদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়লে হানি সিং পারফরম্যান্স বন্ধ করে দেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে তিনি আবারও গান শুরু করেন।

বর্তমানে ‘মাই ওয়ার্ল্ড ট্যুর’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন হানি সিং। ভারতের বিভিন্ন শহরে তার কনসার্ট করার কথা রয়েছে। সূচি অনুযায়ী, আগামী ২১ মার্চ আহমেদাবাদে তার পরবর্তী শো অনুষ্ঠিত হবে। এরপর ২৮ মার্চ মুম্বাই এবং ৪ এপ্রিল পুনেতে গান গাওয়ার কথা রয়েছে তার।

এই ট্যুরের ধারাবাহিকতায় আগামী ১১ এপ্রিল কোটা, ২৫ এপ্রিল ইন্দোর, ২ মে লখনউ এবং ৯ মে কলকাতায় পারফর্ম করবেন তিনি। ১৬ মে ব্যাঙ্গালুরুতে অনুষ্ঠানের মধ্য দিয়ে তার এই ওয়ার্ল্ডট্যুর শেষ হওয়ার কথা রয়েছে।