বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হলো সাতক্ষীরা জেলা, মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপন জারি

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬

সাতক্ষীরা জেলাকে ‘বি’ ক্যাটাগরি থেকে উন্নীত করে ‘এ’ ক্যাটাগরির জেলা হিসেবে ঘোষণা করেছে সরকার। এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, গত ২০ জানুয়ারি প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১১৯তম সভায় বিশেষ বিবেচনায় সাতক্ষীরা জেলাকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত করার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। সেই অনুমোদনের পরিপ্রেক্ষিতেই আনুষ্ঠানিকভাবে প্রজ্ঞাপন জারি করা হলো।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ‘এ’ ক্যাটাগরির জেলা হিসেবে প্রাপ্যতা অনুযায়ী জনপ্রশাসন মন্ত্রণালয় সাতক্ষীরার জন্য জনবল বৃদ্ধি ও অন্যান্য প্রশাসনিক সুবিধাদি সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করবে।

নিকার সভায় এ প্রস্তাব অনুমোদনের পর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের জানান, সাতক্ষীরা জেলায় দেশের গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ সুন্দরবন অবস্থিত। পাশাপাশি ভোমরা স্থলবন্দর সম্প্রতি দেশের একটি গুরুত্বপূর্ণ বন্দর হিসেবে কার্যকরভাবে সংযুক্ত হয়েছে। এসব কারণে সাতক্ষীরার ভৌগোলিক, অর্থনৈতিক ও কৌশলগত গুরুত্ব উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সার্বিক বিষয় বিবেচনায় নিয়েই সাতক্ষীরা জেলাকে ‘এ’ ক্যাটাগরির জেলা হিসেবে অনুমোদন দেওয়া হয়েছে।

উল্লেখ্য, সর্বশেষ ২০২০ সালের ৬ আগস্ট মন্ত্রিপরিষদ বিভাগ দেশের বিভিন্ন জেলার শ্রেণি হালনাগাদ করে একটি পরিপত্র জারি করেছিল।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, সাধারণত ৮ বা তার বেশি উপজেলা থাকা জেলাকে ‘এ’ ক্যাটাগরি, ৫ থেকে ৭টি উপজেলা থাকা জেলাকে ‘বি’ ক্যাটাগরি এবং ৫টির কম উপজেলা থাকা জেলাকে ‘সি’ ক্যাটাগরির জেলা হিসেবে শ্রেণিভুক্ত করা হয়। তবে বিশেষ ভৌগোলিক অবস্থান বা কৌশলগত গুরুত্ব বিবেচনায় কিছু জেলাকে ‘বিশেষ ক্যাটাগরি’র আওতায় আনা হয়।