বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

এসএ পরিবহন কুরিয়ার থেকে কোটি টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ, আটক ২

প্রকাশিত হয়েছে- বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬

ফেনীতে এসএ পরিবহন কুরিয়ারে যৌথ বাহিনীর অভিযানে ১ কোটি ২ লাখ ১৫ হাজার ৮০০ টাকা সমমূল্যের ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করা হয়েছে। এ সময় কুরিয়ারে দায়িত্বরত দুইজনকে আটক করা হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে ফেনী শহরের শহীদ শহিদুল্লা কায়সার সড়কে এসএ পরিবহন কুরিয়ারের মহিপাল শাখায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটকরা হলেন, এসএ পরিবহন মহিপাল শাখার ম্যানেজার মো. আতিকুর রহমান (৩৭) ও সহকারী ম্যানেজার মো. ফারুক হোসেন (৩৫)।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসএ পরিবহন মহিপাল শাখায় বিজিবি, সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সেখান থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রি-পিস, তেল, বডি স্প্রে, সাবান, টুথপেস্ট, ফেশওয়াশ ও আতশবাজিসহ দুইজনকে আটক করা হয়। জব্দ পণ্যের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২ লাখ ১৫ হাজার ৮০০ টাকা।

এ ব্যাপারে বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, জব্দ মালামাল ও ব্যক্তিদের পরবর্তী আইনি কার্যক্রম গ্রহণের জন্য ফেনী মডেল থানায় সোপর্দ করা হয়েছে৷ বিজিবি বর্তমানে নির্বাচন ডিউটিতে মোতায়েন থেকেও একইসঙ্গে সীমান্তে নিরাপত্তা রক্ষা, মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধসহ অনুপ্রবেশ রোধে আভিযানিক ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।