এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি নির্ধারণ নিয়ে জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার বিকেল ৩টায় মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে পরীক্ষার সম্ভাব্য নতুন সময়সূচি ও সংশ্লিষ্ট সিদ্ধান্ত তুলে ধরবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
বৃহস্পতিবার দুপুরে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী সাদিক এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, এসএসসি ও এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সূচি ও এ সংক্রান্ত নীতিগত সিদ্ধান্ত জানাতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
সম্প্রতি ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি নিয়ে শিক্ষা প্রশাসনে আলোচনা শুরু হয়। সরকার বছরের শেষ নাগাদ পাবলিক পরীক্ষা সম্পন্ন করার পরিকল্পনা নিয়ে কাজ করছে। তবে পরীক্ষার সময় হঠাৎ এগিয়ে আনার প্রস্তাবে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের একাংশ আপত্তি জানায়। তাদের দাবি ছিল, ২০২৭ সালের এসএসসি পরীক্ষা জানুয়ারি মাস থেকে শুরু করা হোক।
এ পরিস্থিতিতে বুধবার শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান এবং বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করেন শিক্ষামন্ত্রী। বৈঠকে অংশীজনদের মতামতের ভিত্তিতে ডিসেম্বরের শেষ দিনে এসএসসি পরীক্ষা শুরু করে জানুয়ারি মাসজুড়ে তা আয়োজনের একটি প্রাথমিক পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। যদিও এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আজকের সংবাদ সম্মেলনে এসএসসি ও এইচএসসি পরীক্ষার চূড়ান্ত সময়সূচি ঘোষণা করা হতে পারে। পাশাপাশি পাবলিক পরীক্ষার দীর্ঘমেয়াদি সূচি পুনর্গঠনের রূপরেখাও তুলে ধরা হতে পারে।