২০২৬ এশিয়ান গেমসে পুরুষদের ক্রিকেট ইভেন্টে সরাসরি নকআউট পর্বে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের ভিত্তিতে বাংলাদেশসহ ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা প্রথম রাউন্ড না খেলেই মূলপর্বে জায়গা নিশ্চিত করেছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) পুরুষ ও নারী ক্রিকেট ইভেন্টের ড্র অনুষ্ঠিত হয়। পুরুষ বিভাগে মোট ১০টি দল অংশ নেবে। এর মধ্যে চারটি দল সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবে, আর বাকি ছয় দল প্রথম রাউন্ডে লড়াই করে নকআউট পর্বে জায়গা করে নেবে।
এশিয়ান গেমসের প্রথম রাউন্ডে ‘এ’ গ্রুপে রয়েছে আফগানিস্তান, জাপান ও নেপাল। আর ‘বি’ গ্রুপে খেলবে হংকং, মালয়েশিয়া ও ওমান। দুই গ্রুপের সেরা চার দল কোয়ার্টার ফাইনালে উঠে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে লড়বে।
টি-টোয়েন্টি ফরম্যাটে পুরুষদের ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত।
এদিকে, নারী ক্রিকেট ইভেন্টে অংশ নেবে ৮টি দল। সরাসরি কোয়ার্টার ফাইনাল থেকেই শুরু হবে তাদের লড়াই। ১৭ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত চলবে মেয়েদের ক্রিকেট প্রতিযোগিতা। সেখানে বাংলাদেশ মুখোমুখি হবে চীনের, ভারত খেলবে জাপানের বিপক্ষে, শ্রীলঙ্কার প্রতিপক্ষ মালয়েশিয়া এবং পাকিস্তান খেলবে থাইল্যান্ডের সঙ্গে।