বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

এম হাফিজ উদ্দিন খানের মৃত্যুতে প্রধান উপদেষ্টার গভীর শোক

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও নাগরিক সমাজের বিশিষ্ট কর্মী এম হাফিজ উদ্দিন খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

বুধবার (২২ জানুয়ারি) এক শোকবার্তায় প্রধান উপদেষ্টা মরহুমের দীর্ঘ কর্মময় জীবনে রাষ্ট্র ও জনগণের কল্যাণে তার গুরুত্বপূর্ণ অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, এম হাফিজ উদ্দিন খান ছিলেন একজন সৎ, প্রজ্ঞাবান ও দায়িত্বশীল রাষ্ট্রকর্মী। রাষ্ট্রসেবায় তার নিষ্ঠা, সততা ও নৈতিক অবস্থান ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

প্রফেসর ইউনূস আরও বলেন, ব্যক্তিগত জীবনেও এম হাফিজ উদ্দিন খান তার সহপাঠী ও ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। জীবনের নানা পর্যায়ে তার প্রজ্ঞা, মানবিকতা ও স্পষ্টভাষিতা তাকে গভীরভাবে সমৃদ্ধ করেছে। তার মৃত্যুতে তিনি একজন বিশ্বস্ত সহকর্মী ও প্রিয় বন্ধুকে হারালেন বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা।

শোকবার্তায় বলা হয়, কর্মজীবনে এম হাফিজ উদ্দিন খান যে সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন এবং পরবর্তীকালে রাষ্ট্রে সুশাসন ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় যে ভূমিকা রেখেছেন, তা জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

প্রধান উপদেষ্টা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, এম হাফিজ উদ্দিন খান বুধবার সন্ধ্যায় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। তিনি ডাক, তার ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ২০০১ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় তিনি অর্থ ও পরিকল্পনাসহ একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।