বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

‘এখন শ্রদ্ধা জানাচ্ছে, কিন্তু ২৫ মার্চ নিয়ে তাদের অনুশোচনা নেই’

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, আমরা লক্ষ্য করছি, একটি বিশেষ রাজনৈতিক দল, যাদের ১৯৭১ সালে ভূমিকা ছিল বিতর্কিত, তারা আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করছে, স্লোগান দিচ্ছে এবং বক্তব্য দিচ্ছে। কিন্তু ২৫ মার্চের সেই কালরাত্রি নিয়ে তাদের কোনো অনুশোচনা নেই। মুক্তিযুদ্ধের নয় মাসে আমাদের মা-বোনদের ওপর যে নির্যাতন হয়েছে, অসংখ্য মানুষ শহীদ হয়েছেন-সেসবের পেছনে রাজাকার, আলবদর ও আলশামস বাহিনীর ভূমিকা ছিল, যার ইতিহাস আজ বিকৃত করার চেষ্টা চলছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বূর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, আজ যেমন জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির ১৯৭১ সালের বিতর্কিত ভূমিকা অস্বীকার করে এবং জাতির কাছে ক্ষমা না চেয়ে উল্টো একটি নতুন বয়ান দাঁড় করানোর চেষ্টা করছে, তেমনি ভবিষ্যতে অন্য কোনো রাজনৈতিক শক্তিও জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান নিয়ে নিজেদের মতো করে ভিন্ন বয়ান দাঁড় করানোর চেষ্টা করতে পারে-যার লক্ষণ আমরা ইতোমধ্যেই দেখতে পাচ্ছি।

তিনি বলেন, এভাবে একটি রাষ্ট্র যুগের পর যুগ চলতে পারে না। তাই আমি সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানাই-তারা যেন ইতিহাসের প্রতি নিজেদের দায় স্বীকার করে, সত্যকে মেনে নেয়। এরপর তারা রাজনীতি করুক এতে কোনো সমস্যা নেই। যদি এই বিচ্যুতি অব্যাহত থাকে, তাহলে আমার আশঙ্কা-ভবিষ্যতে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান নিয়েও ইতিহাস বিকৃতির আশঙ্কা তৈরি হতে পারে।

তিনি আরও বলেন, জাতীয় জীবনে যে আকাঙ্ক্ষা নিয়ে মহান মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছিল, সেই স্বাধীনতার প্রকৃত প্রত্যাশা আজও পুরোপুরি বাস্তবায়িত হয়নি বলে আমরা মনে করি। একটি ক্ষুধামুক্ত, বৈষম্যহীন, সত্যিকারের স্বাধীন এবং গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের যে স্বপ্ন ছিল, তা বারবার বাধাগ্রস্ত হয়েছে বলে জানান তিনি।