শিক্ষক ও কর্মকর্তা নিয়োগে ব্যাপক অনিয়মের অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (১৪ জানুয়ারি) দুদক চট্টগ্রামের সহকারী পরিচালক সায়েদ আলমের নেতৃত্বে এ অভিযান শুরু হয়। দুদকের চট্টগ্রামের উপ-পরিচালক সুবেল আহমেদ বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।
এর আগে গত শুক্রবার (৯ জানুয়ারি) ৫৬৫তম সিন্ডিকেট সভায় শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী মিলিয়ে মোট ১৫৩ জনকে নিয়োগ দেওয়া হয়। এই নিয়োগে বিশেষ নজর কেড়েছে উপ-উপাচার্য শামীম উদ্দিন খানের মেয়ে মাহিরা খানের প্রভাষক হিসেবে নিয়োগ।
বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ জানায়, অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইইই, প্রাণিবিদ্যা, এইচআরএমসহ ৯টি বিভাগে মোট ৪৪ জন শিক্ষক নিয়োগ পেয়েছেন। এছাড়া ১০০ জন তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী এবং ৯ জন কর্মকর্তা নিয়োগের সুপারিশ অনুমোদন করেছে সিন্ডিকেট।
নিযুক্ত কর্মকর্তাদের মধ্যে নেটওয়ার্ক টেকনিশিয়ান, কম্পিউটার অপারেটর, অফিস সহকারীসহ বিভিন্ন পদ অন্তর্ভুক্ত রয়েছে। দুর্নীতি দমন কমিশন জানিয়েছে, নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে তারা বিশ্ববিদ্যালয়ে তদন্ত চালাচ্ছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেবে।
দুদকের এই অভিযান বিশ্ববিদ্যালয়ে একাধিক অনিয়ম ও সিন্ডিকেটের জটিল চিত্র সামনে এনেছে। বিশ্ববিদ্যালয় কমিউনিটি ও শিক্ষার্থীরা আশঙ্কা প্রকাশ করেছেন, এই নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নেওয়া না হলে শিক্ষার মান এবং প্রশাসনিক কার্যক্রমের প্রতি আস্থা ক্ষুণ্ণ হতে পারে।