সরকার গঠনের এক মাস পূর্তিতে বিভিন্ন খাতের উদ্যোগ ও অগ্রগতি তুলে ধরেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। বুধবার (২৫ মার্চ) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়–এ আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান।
মন্ত্রী বলেন, সরকারের অন্যতম বড় উদ্যোগ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি ইতোমধ্যে শুরু হয়েছে। দেশের ৪ কোটি ১০ লাখ পরিবারের প্রতিটি নারী প্রধানকে এই কার্ডের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। পাইলট প্রকল্পে ইতোমধ্যে প্রায় ৩৮ হাজার পরিবারকে কার্ড দেওয়া হয়েছে এবং তারা মাসে আড়াই হাজার টাকা করে সহায়তা পাচ্ছেন।
তিনি আরও জানান, ধর্মীয় সেবকদের জন্য সম্মানী ভাতা কার্যক্রম চালু করা হয়েছে। পর্যায়ক্রমে আগামী চার অর্থবছরে দেশের সব মসজিদ, মন্দির ও বৌদ্ধ বিহারকে এই কর্মসূচির আওতায় আনা হবে।
ঈদ উপলক্ষ্যে দরিদ্র মানুষের জন্য সরকার ত্রাণ ও উপহার বিতরণ করেছে বলেও উল্লেখ করেন মন্ত্রী। সংসদ সদস্যদের মাধ্যমে শাড়ি, থ্রি-পিস, লুঙ্গি ও নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে। পাশাপাশি প্রাতিষ্ঠানিক যাকাত ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
কৃষিখাতে ‘কৃষক কার্ড’ চালুর কথাও জানান তিনি। আগামী পহেলা বৈশাখ এ কর্মসূচির উদ্বোধন করা হবে। প্রাথমিকভাবে ২১ হাজারের বেশি কৃষক এই কার্ড পাবেন এবং তারা বছরে আড়াই হাজার টাকা করে প্রণোদনা পাবেন।
এছাড়া খাল খনন কর্মসূচির আওতায় ইতোমধ্যে দেশের ৫৪ জেলায় কাজ শুরু হয়েছে। আগামী ১৮০ দিনের মধ্যে ১২০০ কিলোমিটার খাল খননের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যা কৃষি উৎপাদন বাড়াতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
মন্ত্রী আরও বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পর সংসদ সদস্যদের কিছু বিশেষ সুবিধা বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে ট্যাক্স-ফ্রি গাড়ি ও প্লট সুবিধা না নেওয়ার ঘোষণা রয়েছে।
ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, উপদেষ্টা জাহেদ উর রহমান এবং সচিব মাহবুবা ফারজানা।