বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

একুশের রঙে সেজেছে ইসলামী বিশ্ববিদ্যালয়

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬

একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদায় পালন ও বাংলা ভাষার তরে জীবন বিলিয়ে দেওয়া শহিদদের স্মরণ করতে রঙিন সাজে সেজেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)।

সরেজমিনে দেখা যায়, দিবসটি উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, ফটক থেকে শহিদ মিনারে যাওয়ার রুটসহ বিভিন্ন স্থানে আলপনা দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। পাশাপাশি ইবি ক্যাম্পাসে অবস্থিত দেশের অভ্যন্তরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ভিত্তিক সর্ববৃহৎ শহিদ মিনারকেও নানাভাবে সাজানো হয়েছে। এছাড়া মিনার সংশ্লিষ্ট জায়গাগুলোসহ ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়কে রাতের ঔজ্জ্বল্য বৃদ্ধি করার জন্য বিভিন্ন ধরনের বাতি লাগানো হয়েছে।

জানা যায়, গত এক সপ্তাহ যাবৎ আলপনা করেছেন বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থীরা। রঙ-তুলিতে তারা রাঙিয়ে তুলছেন শহিদ বেদির চারপাশ। আলপনাগুলোতে ফুটিয়ে তুলেছেন ফুল, লতাপাতা এবং গ্রামবাংলার চিরাচরিত নানা ঐতিহ্য।

চারুকলা বিভাগের শিক্ষার্থীরা বলেন, ২১ ফেব্রুয়ারিতে ভাষা শহিদের স্মরণে বেদিতে পুষ্প অর্পণ করা হবে। এজন্য আমরা আমাদের সর্বোচ্চটুকু দিয়ে আল্পনা ও সাজসজ্জা দিয়ে সাজানোর চেষ্টা করেছি। আমরা আশা করছি, সুন্দরভাবেই আমরা ভাষা শহিদদের শ্রদ্ধা জানাতে পারব।