বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম: গাজীপুরে বিস্ময়ের আনন্দ, সুস্থ মা ও নবজাতক

প্রকাশিত হয়েছে- শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

গাজীপুরে বিরল এক ঘটনার জন্ম দিয়েছেন মাসুমা আক্তার। একসঙ্গে পাঁচ সন্তান জন্ম দিয়ে এখন সুস্থ অবস্থায় বাড়ি ফিরেছেন তিনি ও তার নবজাতকরা।

শনিবার (১১ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মামুনুর রহমান। জানা গেছে, কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নের দীঘাবর গ্রামে নিজ বাড়িতে এখন পাঁচ নবজাতককে নিয়ে অবস্থান করছেন মা মাসুমা।

এর আগে গত ৫ এপ্রিল ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়-এ সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তিন মেয়ে ও দুই ছেলে সন্তানের জন্ম দেন তিনি।

মাসুমার স্বামী কাজল মিয়া জানান, আগে থেকেই উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছিল। সফল অস্ত্রোপচারের মাধ্যমে একে একে পাঁচ সন্তান জন্ম নেওয়ায় চিকিৎসকরাও বিস্মিত হন।

চিকিৎসকরা জানিয়েছেন, পাঁচ নবজাতকের মোট ওজন প্রায় ৮ কেজি এবং প্রত্যেকের ওজন দেড় কেজির বেশি। বর্তমানে মা ও শিশুরা সুস্থ রয়েছে এবং স্থানীয় স্বাস্থ্য বিভাগের নজরদারিতে আছে।

এই বিরল ঘটনায় এলাকায় ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে—পাঁচ সন্তানকে একনজর দেখতে বাড়িতে ভিড় করছেন স্থানীয়রা।