বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

এআই–চালিত স্মার্ট চশমা ও ক্যামেরাযুক্ত এয়ারপডস আনছে অ্যাপল, বাজারে আসতে পারে ২০২৭ সালে

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর নতুন তিনটি ওয়্যারেবল ডিভাইস আনার পরিকল্পনা করছে প্রযুক্তি জায়ান্ট Apple Inc.। এর মধ্যে রয়েছে একটি স্মার্ট চশমা, এআই–চালিত পেনড্যান্ট এবং ক্যামেরাযুক্ত এয়ারপডস। ব্লুমবার্গের প্রযুক্তি সাংবাদিক Mark Gurman-এর প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, ডিভাইসগুলোতে বিল্ট-ইন ক্যামেরা থাকবে এবং সেগুলো iPhone-এর সঙ্গে সংযুক্ত হয়ে কাজ করবে। ফলে ব্যবহারকারীর আশপাশের পরিবেশ বিশ্লেষণ করে ভয়েস অ্যাসিস্ট্যান্ট Siri বিভিন্ন কাজ সম্পন্ন করতে পারবে।

২০২৭ সালে আসতে পারে স্মার্ট চশমা

অ্যাপল তাদের প্রথম স্মার্ট চশমা ২০২৭ সালে বাজারে আনতে পারে বলে ধারণা করা হচ্ছে। চলতি বছরের ডিসেম্বর থেকেই উৎপাদন শুরুর লক্ষ্য রয়েছে। ডিভাইসটি সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করবে Meta Platforms-এর স্মার্ট গ্লাস লাইনের সঙ্গে।

বর্তমানে মেটা, Ray-Ban-এর সঙ্গে অংশীদারিত্বে স্মার্ট চশমা তৈরি করছে। তবে অ্যাপল নিজস্ব নকশা ও উচ্চমানের নির্মাণশৈলীতে আলাদা পরিচিতি গড়তে চায়। উন্নত ক্যামেরা প্রযুক্তিও এতে যুক্ত হতে পারে।

প্রতিবেদন বলছে, অ্যাপলের স্মার্ট চশমায় বিল্ট-ইন ডিসপ্লে নাও থাকতে পারে। তবে এতে স্পিকার, মাইক্রোফোন এবং উচ্চ রেজোলিউশনের ক্যামেরা থাকতে পারে। ব্যবহারকারী ফোন কল করা, গান শোনা এবং সিরির সঙ্গে কথা বলার সুবিধা পাবেন।

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, চশমাটি আশপাশের পরিবেশ বিশ্লেষণ করে তাৎক্ষণিক তথ্য দিতে পারবে। যেমন— কোনো খাবারের উপাদান জানতে চাইলে সেটি শনাক্ত করে তথ্য দিতে পারবে। দিকনির্দেশনার সময় গুরুত্বপূর্ণ স্থাপনা চিহ্নিত করবে। প্রয়োজনে নির্দিষ্ট কাজের কথাও মনে করিয়ে দিতে পারবে।

প্রাথমিক প্রোটোটাইপে চশমাটি আলাদা ব্যাটারি প্যাক ও আইফোনের সঙ্গে কেবল দিয়ে সংযুক্ত ছিল। তবে নতুন সংস্করণে প্রয়োজনীয় যন্ত্রাংশ ফ্রেমের মধ্যেই সংযুক্ত করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এআই পেনড্যান্ট ও ক্যামেরাযুক্ত এয়ারপডস

অ্যাপল এআই–চালিত একটি পেনড্যান্ট ও ক্যামেরাযুক্ত এয়ারপডস নিয়েও কাজ করছে। এসব ডিভাইসও আইফোনের সঙ্গে সমন্বয় করে কাজ করবে। ব্যবহারকারীর চারপাশের ‘ভিজ্যুয়াল কনটেক্সট’ বিশ্লেষণ করে সিরি তাৎক্ষণিক পদক্ষেপ নিতে সক্ষম হবে।

প্রযুক্তি দুনিয়ায় এআই–নির্ভর ওয়্যারেবল ডিভাইসের প্রতিযোগিতা দ্রুত বাড়ছে। সেই প্রতিযোগিতায় নতুন মাত্রা যোগ করতে চায় অ্যাপল।