নওগাঁর মান্দায় বুধবার (৮ এপ্রিল) প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক ও বালিকা)-২০২৬-এর ইউনিয়ন পর্যায়ের উদ্বোধন অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় ১৪৮নং ছোট চকচম্পক সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠানের শুভ সূচনা ঘটে।
মান্দা উপজেলার ১২নং কাঁশোপাড়া ইউনিয়নের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় অংশগ্রহণ করেছে দুই দিনব্যাপী এই টুর্নামেন্টে। উদ্বোধনের সঙ্গে সঙ্গে প্রথম দিনে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও সংক্ষিপ্ত আলোচনা সভাও অনুষ্ঠিত হয়।
১২নং কাঁশোপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মো: আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্ট উদ্বোধন করেন মান্দা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ড. সাবরিনা আনাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার জনাব রঞ্জন কুমার।
প্রধান অতিথির বক্তব্যে ড. সাবরিনা আনাম বলেন, “লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তৃণমূল পর্যায় থেকে আগামীর দক্ষ খেলোয়াড় তৈরিতে এই গোল্ডকাপ টুর্নামেন্ট একটি বড় প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।”
স্থানীয় সংসদ সদস্য ডাঃ ইকরামুল বারী টিপু-র প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান হারুন। এছাড়া বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং বিপুল সংখ্যক ক্রীড়ামোদী দর্শক মাঠে উপস্থিত হয়ে শিশুদের ফুটবল লড়াই উপভোগ করেন।
আয়োজকরা জানিয়েছেন, বৃহস্পতিবার (০৯ এপ্রিল) ফাইনাল খেলার মধ্য দিয়ে দুই দিনব্যাপী টুর্নামেন্টের সমাপ্তি ঘটবে এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।