বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

উম আল কুরা ক্যালেন্ডার অনুযায়ী সৌদি আরবে ঈদুল আজহা ২৭ মে

প্রকাশিত হয়েছে- রবিবার, ৩ মে, ২০২৬

সৌদি আরব–এর সরকারি ক্যালেন্ডার উম আল কুরা অনুযায়ী আগামী ২৭ মে দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হতে পারে। এর আগের দিন, অর্থাৎ ২৬ মে, পালিত হবে হজের মূল আনুষ্ঠানিকতা।

সরকারি ক্যালেন্ডারের হিসাব অনুযায়ী, আগামী ১৬ মে হবে জিলকদ মাসের ২৯তম দিন এবং ১৭ মে হবে ৩০তম দিন। অর্থাৎ এ বছর জিলকদ মাস ৩০ দিনে পূর্ণ হবে। এরপর ১৮ মে থেকে শুরু হবে জিলহজ মাস। সে হিসাবে জিলহজের ১০ তারিখ পড়বে ২৭ মে, যেদিন পালিত হবে ঈদুল আজহা।

আমিরাতে ভিন্ন তারিখ

সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব পাশাপাশি দেশ হলেও দুই দেশের বর্তমান হিজরি তারিখে কিছু পার্থক্য দেখা গেছে। আজ রোববার সৌদিতে জিলকদের ১৬তম দিন হলেও আমিরাতে ১৫তম দিন চলছে।

আমিরাতের জ্যোতির্বিদরা জানিয়েছেন, আগামী ১৭ মে নতুন চাঁদ দেখার সম্ভাবনা রয়েছে। সে হিসাবেও দেশটিতে ঈদুল আজহা ২৭ মে হওয়ার সম্ভাবনা বেশি।

পাকিস্তানেও একই সম্ভাবনা

পাকিস্তান–এর বিশেষজ্ঞ জ্যোতির্বিদরাও জানিয়েছেন, ১৭ মে সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা যেতে পারে। যদি চাঁদ দেখা যায়, তাহলে সেখানেও ২৭ মে ঈদুল আজহা পালিত হবে। তবে চাঁদ দেখা না গেলে ঈদ একদিন পিছিয়ে ২৮ মে হতে পারে।

চূড়ান্ত সিদ্ধান্ত চাঁদ দেখার ওপর

যদিও ক্যালেন্ডার ও জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়, তবুও সৌদি আরবসহ বিভিন্ন দেশে ঈদের চূড়ান্ত ঘোষণা দেওয়া হয় আনুষ্ঠানিকভাবে চাঁদ দেখার পর। তাই ২৭ মে সম্ভাব্য তারিখ হলেও শেষ সিদ্ধান্ত নির্ভর করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ঘোষণার ওপর।