বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

উপকূলে ঝড়ের সতর্কতা: ৮০ কিমি বেগে কালবৈশাখীর আশঙ্কা, ৬ অঞ্চলের নদীবন্দরে সংকেত

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৫ মে, ২০২৬

দেশের দক্ষিণ ও উপকূলীয় অঞ্চলে শক্তিশালী কালবৈশাখী ঝড়ের আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (৫ মে) সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা বিশেষ পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর সঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টিও হতে পারে।

বিশেষ করে উপকূলীয় এসব অঞ্চলে ঝড়ের তীব্রতা তুলনামূলক বেশি থাকতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর নৌযানগুলোকে সতর্কতার সঙ্গে চলাচলের নির্দেশ দিয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতির ওপর নজর রাখার আহ্বান জানিয়েছে। পাশাপাশি জেলে ও নদীপথে চলাচলকারী মানুষদের অপ্রয়োজনে ঝুঁকি না নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

হঠাৎ ঝড়ো হাওয়া ও বজ্রপাতের কারণে জনজীবনে বিঘ্ন ঘটতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। তাই সংশ্লিষ্ট এলাকাবাসীকে সতর্ক থাকার জন্য বলা হয়েছে।