বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

 ‘উত্থান-পতন থাকবে তবে কঠোর পরিশ্রম করতে হবে’

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬

নব্বইয়ের দশকের পর্দা কাঁপানো অ্যাকশন হিরো সানি দেওল। ‘ঘায়াল’, ‘ডর’ কিংবা ‘বর্ডার’-এর মতো কালজয়ী সব সিনেমা উপহার দিয়ে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন অনন্য উচ্চতায়। দীর্ঘ বিরতির পর আবারও বক্স অফিসে রাজত্ব করছেন এই অভিনেতা। বিশেষ করে ‘বর্ডার ২’ ছবির অভাবনীয় সাফল্যের পর সানি এখন আলোচনার তুঙ্গে। তবে এই সাফল্যের পেছনে লুকিয়ে আছে বছরের পর বছর ধরে চলা কঠোর সংগ্রাম আর ধৈর্য।

সম্প্রতি সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ারের চড়াই-উতরাই নিয়ে খোলামেলা কথা বলেছেন সানি। চলচ্চিত্রের বিবর্তন এবং দর্শকদের রুচির পরিবর্তন খুব কাছ থেকে দেখেছেন তিনি।

ক্যারিয়ারের কঠিন সময় প্রসঙ্গে সানি দেওল বলেন, ‘আমি বহু বছর ধরে এই ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত। অনেক পরিবর্তন দেখেছি। তবে আমি একটি বিষয় মনে-প্রাণে বিশ্বাস করি আমি এখানে এসেছি শুধু আমার কাজের জন্য। আপনি অভিনেতা হন বা অন্য যেকোনো পেশার মানুষ, জীবনে উত্থান-পতন থাকবেই কিন্তু হাল ছাড়া যাবে না। আপনাকে কঠোর পরিশ্রম করে যেতেই হবে।
সাফল্যের সমীকরণ মেলাতে গিয়ে সানি আরও বলেন, ‘দীর্ঘ সংগ্রামের পর যখন কোনো একটি সিনেমা ব্যবসা সফল হয়, তখন মানুষ ভাগ্যের ওপর বিশ্বাস করতে শুরু করে। তার আগে পর্যন্ত সবাই ভাবে, ‘আমি আমার ভাগ্য নিজেই গড়ে নেব, আমি এটা করব, ওটা করব’। মানুষ এভাবেই চেষ্টা চালিয়ে যায়।’

বর্তমানে ‘বর্ডার ২’-এর বিশাল সাফল্য উপভোগ করছেন এই অভিনেতা। ১৯৯৭ সালের ব্লকবাস্টার ‘বর্ডার’-এর এই সিক্যুয়েলটি বিশ্বব্যাপী ৪০০ কোটি টাকারও বেশি আয় করে বক্স অফিসে ঝড় তুলেছে। ছবিটিতে সানি দেওলের পাশাপাশি বরুণ ধাওয়ান, দিলজিৎ দোসাঞ্জ ও আহান শেট্টির মতো তারকাদের পারফরম্যান্সও প্রশংসিত হয়েছে।