রাজধানীর উত্তর বাড্ডা ও যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় সেনাবাহিনীর পৃথক অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ, মাদক ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোট পাঁচজনকে আটক করেছে সেনাবাহিনী।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।
আইএসপিআর জানায়, উত্তর বাড্ডা এলাকায় সেনাবাহিনীর একটি যৌথ অভিযানে একটি রাইফেল, সাতটি পিস্তল ও তিনটি রিভলবার উদ্ধার করা হয়। অভিযানের সময় এসব আগ্নেয়াস্ত্রের পাশাপাশি বিপুল পরিমাণ গোলাবারুদ ও বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে একজনকে আটক করা হয়েছে।
অন্যদিকে রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন ধলপুর এলাকায় পরিচালিত আরেকটি অভিযানে দুটি বিদেশি পিস্তল, একটি রিভলবার ও তিন রাউন্ড গোলাবারুদ উদ্ধার করে সেনাবাহিনী। একই অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও নগদ অর্থ জব্দ করা হয়। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে বলে আইএসপিআর জানিয়েছে।
আইএসপিআর আরও জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ, মাদক ও নগদ অর্থ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অবৈধ অস্ত্র ও মাদক নির্মূলে সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।