শুক্রবার , ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

উত্তর কোরিয়া সফর করেছেন রাশিয়ার পররাষ্ট্রবিষয়ক গোয়েন্দা সংস্থার প্রধান সের্গেই নারিশকিন

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

মস্কো এবং পিয়ংইয়ংয়ের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও গভীর ও বৃহত্তর আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনা করতে চলতি সপ্তাহে অত্যন্ত গোপনীয়তার সাথে উত্তর কোরিয়া সফর করেছেন রাশিয়ার পররাষ্ট্রবিষয়ক গোয়েন্দা সংস্থার প্রধান সের্গেই নারিশকিন। বৃহস্পতিবার রাশিয়ার গোয়েন্দা সংস্থা রাশিয়ার ফরেইন ইনটেলিজেন্স সার্ভিসের (এসভিআর) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

এতে বলা হয়েছে, এসভিআর প্রধান সের্গেই নারিশকিন গত ২৫ থেকে ২৭ মার্চ পিয়ংইয়ং সফর করেছেন। এসভিআরের প্রধানের পিয়ংইয়ং সফরের বিষয়ে প্রথম প্রতিবেদন প্রকাশ করে উত্তর কোরিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা কেসিএনএ। এসভিআর বলেছে, সফরে উত্তর কোরিয়ার নিরাপত্তাবিষয়ক প্রতিমন্ত্রী রি চ্যাং দায়ের সাথে বৈঠক করেছেন নারিশকিন।

এ সময় তারা বৈশ্বিক বিভিন্ন ইস্যু, আঞ্চলিক নিরাপত্তা এবং বহিরাগত শক্তির চাপ বৃদ্ধির প্রচেষ্টার মাঝেও রুশ-উত্তর কোরিয়ার সহযোগিতাকে আরও গভীর করার বিষয়ে আলোচনা করেন। কেসিএনএ বলেছে, শত্রু শক্তির ক্রমবর্ধমান গুপ্তচরবৃত্তি ও ষড়যন্ত্রমূলক পদক্ষেপ মোকাবিলায় উভয়পক্ষ সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করেছে।

২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকে উত্তর কোরিয়ার সাথে সম্পর্ক গভীর করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য উত্তর কোরিয়া রাশিয়াকে ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে বলে অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের পশ্চিমা মিত্ররা।

একই সঙ্গে যুদ্ধ প্রচেষ্টায় রাশিয়াকে সহায়তা করতে উত্তর কোরিয়ার অস্ত্র সরবরাহ নিয়েও নিন্দা জানিয়েছে তারা। তবে পশ্চিমাদের নিন্দা ও সমালোচনাকে প্রত্যাখ্যান করেছে উভয় দেশ। মস্কো বলেছে, রাশিয়ার সাথে সম্পর্ক গড়তে চায়, এমন যেকোনও দেশের সাথে সম্পর্ক গড়ে তুলবে তারা।

আর পিয়ংইয়ংয়ের সাথে মস্কোর দ্বিপাক্ষিক সহযোগিতায় আন্তর্জাতিক চুক্তির লঙ্ঘন হয়নি। এর আগে, গত ফেব্রুয়ারিতে ক্রেমলিনের পক্ষ থেকে বলা হয়, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার ঘনিষ্ঠ মিত্র উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে একটি বিলাসবহুল রুশ অরাস লিমোজিন গাড়ি উপহার হিসেবে দিয়েছেন।