পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়ার উত্তর ওয়াজিরিস্তান জেলায় গত তিন দিন ধরে সেনা ও পুলিশ যৌথ অভিযান চালিয়েছে। এ অভিযানে ৪ জঙ্গিনেতাসহ মোট ২১ জন জঙ্গি নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর (আইএসপিআর)।
নিহত চার জঙ্গিনেতা হলেন খালিদ রেজা ওরফে সালার, মুফতুন, মুসা এবং ইমরান ওরফে আয়ান। তারা সবাই নিষিদ্ধ সশস্ত্র গোষ্ঠী তেহরিক-ই তালেবান পাকিস্তান (টিটিপি)-এর সদস্য এবং উত্তর ওয়াজিরিস্তান শাখার গুরুত্বপূর্ণ সংগঠক ছিলেন বলে বিবৃতিতে জানানো হয়েছে।
আইএসপিআর তাদের বিবৃতিতে টিটিপিকে ‘ফিৎনা আল খারিজি’ হিসেবে উল্লেখ করে জানায়, নিহতরা নিরাপত্তা বাহিনী ও সাধারণ নাগরিকদের ওপর বহু হামলার সঙ্গে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে পরিচালিত এই অভিযানকে সন্ত্রাসবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে উল্লেখ করা হয়েছে।
এর আগে গত সপ্তাহেও খাইবার পাখতুনখোয়ার মিরান শাহ এলাকায় পৃথক অভিযানে আরও ২৭ জন জঙ্গি নিহত হয়েছিল বলে দাবি করেছে সেনাবাহিনী।
বিশ্লেষকদের মতে, খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে সাম্প্রতিক বছরগুলোতে সন্ত্রাসী হামলার হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে টিটিপি ও বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর তৎপরতায় নিরাপত্তা পরিস্থিতি জটিল হয়ে উঠেছে।
পাকিস্তান সরকার ও সেনাবাহিনী দাবি করছে, বিদেশি মদতপুষ্ট সন্ত্রাস দমনে ‘আজম-এ-ইস্তেহকাম’ কর্মসূচির আওতায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।